শেয়ার পুনঃক্রয়-পদ্ধতির খসড়া তৈরিতে মতামত যাচাই চলছে
চলতি আগস্ট মাসের মধ্যেই শেয়ার পুনঃক্রয়-পদ্ধতির (বাইব্যাক) খসড়া তৈরি হচ্ছে। এরপর খসড়ার ওপর জনগণের মতামত আহ্বান করা হবে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।বাণিজ্যসচিব গোলাম হোসেন প্রথম আলোকে বলেন, শেয়ার পুনঃক্রয় নিয়ে যেসব মতামত এসেছে, তাতে খুব একটা সামঞ্জস্য নেই। কমিটির সদস্যদের তাই আরও যাচাই-বাছাই করতে বলা হয়েছে।গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে শেয়ার পুনঃক্রয়ের খসড়া তৈরির ব্যাপারে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সচিব এ কথা বলেন।গোলাম হোসেন আরও বলেন, আগামী কয়েক দিনের মধ্যেই পরিপূর্ণ মতামত পাওয়া যাবে বলে তিনি আশা করছেন।গত ৭ জুলাইয়ের মধ্যে খসড়াটি চূড়ান্ত হওয়ার কথা থাকলেও বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) উপদেষ্টা মনজুর আহমেদের নেতৃত্বে গঠিত কমিটি তা পারেনি। কমিটির অন্য সদস্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংক, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি), ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস বাংলাদেশ (আইসিএমএবি) এবং বাণিজ্য মন্ত্রণালয়ের একজন করে প্রতিনিধি রয়েছেন।গত ডিসেম্বর থেকে বাংলাদেশের শেয়ারবাজারে বড় ধরনের ধস শুরু হলে ২৩ জানুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাজারসংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে দিনভর বৈঠক করেন অর্থমন্ত্রী। ওই দিনই বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী শেয়ার পুনঃক্রয়-পদ্ধতি চালুর কথা প্রথম উল্লেখ করেন।প্রসঙ্গত, শেয়ার পুনঃক্রয়-পদ্ধতি হচ্ছে, কোম্পানি কর্তৃক বাজার থেকে নিজের কোম্পানির শেয়ার কিনে নিয়ে কোম্পানির মোট শেয়ারের সংখ্যা কমিয়ে আনা।সাধারণত তারল্য ব্যবহারের সুযোগ না থাকা, কোম্পানির অবলুপ্তি, বিশেষ পরিস্থিতিতে শেয়ারের মূল্য বাড়ানো, কর কম দেওয়া ইত্যাদি কারণে শেয়ার পুনঃক্রয় করা হয়। কোম্পানি যদি দেখে যে অতিরিক্ত তারল্য বিনিয়োগের কোনো প্রকল্প নেই, তখন ওই কোম্পানি কর্তৃপক্ষ বাজার থেকে নিজেদের শেয়ার কিনে নেয়। কোনো কোম্পানি যদি মনে করে যে বাজারে তার শেয়ার অবমূল্যায়িত, তখনো শেয়ার পুনঃক্রয়ের উদ্যোগ নেওয়া হয়। প্রায় সব দেশের কোম্পানি আইনেই শেয়ার পুনঃক্রয় পদ্ধতিটি চালু থাকলেও বাংলাদেশের আইনে এখনো তা অনুপস্থিত। অবশ্য ১৯৯৬ সালের শেয়ার কেলেংকারির পর শেয়ার পুনঃক্রয়ের বিষয়টি আলোচনায় এসেছিল। তবে তা স্থায়ী হয়নি।জানা গেছে, এর আগে শেয়ার পুনঃক্রয় নিয়ে একটি খসড়া প্রস্তুত করে এসইসি বাণিজ্য মন্ত্রণালয়ে জমা দিয়েছে। তবে খসড়াটি প্রস্তুত করা হয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়ার (এসইবিআই) ১৯৯৯ সালের বাইব্যাক রেগুলেশনসের আদলে।সূত্র জানায়, খসড়ার মধ্যে যা থাকবে, তার অন্যতম হলো: কোনো কোম্পানি শেয়ার পুনঃক্রয় করার পরবর্তী দুই বছরের মধ্যে তার মূলধন বাড়াতে পারবে না; দুই বছরের মধ্যে বোনাস শেয়ার ছাড়া অন্য কোনো ধরনের লভ্যাংশ দেওয়া যাবে না; অতিরিক্ত মূলধন অথবা সিকিউরিটিজ প্রিমিয়াম হিসেবে ব্যবহার করে শেয়ার পুনঃক্রয় করা যাবে; কোম্পানির পর্ষদে পাস হওয়ার এক বছরের মধ্যে পুনঃক্রয় সম্পন্ন করতে হবে।আরও থাকতে পারে: কোম্পানির পরিশোধিত মূলধনের ২৫ শতাংশের বেশি শেয়ার পুনঃক্রয় করা যাবে না।