শেয়ার বিক্রি ঠেকাতে এসইসিকে অনুরোধ
বিএসআরএম স্টিলস লিমিটেডের এক উদ্যোক্তা-পরিচালকের শেয়ার বিক্রি ঠেকাতে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (এসইসি) অনুরোধ জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। আজ বুধবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ডিএসইর সভাপতি রকিবুর রহমান এ তথ্য জানান।ডিএসই সূত্রে জানা যায়, ডিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা মোশাররফ এম হোসেন স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি চিঠি আজ এসইসির চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।চিঠিতে বলা হয়, গত সোমবার বিএসআরএম স্টিলের উদ্যোক্তা-পরিচালক এইচ আকবর আলী অ্যান্ড কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠানটির ৫০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দেয়। এর আগে ২০১০ সালের উঠতি বাজারে এবং ২০১১ সালের পড়তি বাজারেও প্রতিষ্ঠানটির উদ্যোক্তা-পরিচালকেরা শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছিলেন।এতে বলা হয়, বিষয়টি ডিএসইর নজরে আসায় ডিএসইর পক্ষ থেকে ঘোষিত শেয়ার বিক্রি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এসইসিকে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার কেবল ব্লক মার্কেটে বিক্রির অনুরোধ জানানো হয় চিঠিতে।এদিকে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ডিএসইর সভাপতি বলেন, স্টক ডিলার, স্টক ব্রোকার, মার্চেন্ট ব্যাংক, মিউচুয়াল ফান্ডসহ বড় বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বাজারে সক্রিয় হতে শুরু করেছেন। এতে বাজারে লেনদেনও বেড়েছে।বিনিয়োগকারীদের উদ্দেশে রকিবুর রহমান বলেন, কোনো ধরনের কথায় বা গুজবে কান না দিয়ে সাধ্যের মধ্যে বিনিয়োগ করুন। একই সঙ্গে অতিরিক্ত মার্জিন ঋণ না নিয়ে বিনিয়োগেরও আহ্বান জানান তিনি। এ ছাড়া ডিএসইর বাজার তদারকি ও সার্ভিল্যান্স ব্যবস্থা জোরদার করা হচ্ছে বলেও তিনি জানান।বাজারকে তার নিজস্ব গতিতে চলতে দেওয়ার আহ্বান জানান ডিএসইর এই কর্মকর্তা। তিনি বলেন, কোম্পানির কর্মকাণ্ড বলে দেবে তার শেয়ারের দাম কেমন হবে। এ ক্ষেত্রে শেয়ারের দাম বাড়লে বাজার বাড়বে। আর কোম্পানির কর্মকাণ্ড খারাপ হলে বাজারও খারাপ হবে।