শেয়ার বিক্রিতে নিষেধাজ্ঞা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোনো কোম্পানির উদ্যোক্তা অথবা পরিচালকের শেয়ার বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। একই সঙ্গে কোম্পানির ৫ শতাংশের বেশি শেয়ারধারীও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শেয়ার বিক্রি করতে পারবেন না।আজ বুধবার এসইসি এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে। এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ অধ্যাদেশ ১৯৬৯-এর সেকশন ২০-এ প্রদত্ত ক্ষমতাবলে জারি করা ওই আদেশে বলা হয়, ‘স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত কোনো কোম্পানির উদ্যোক্তা অথবা পরিচালক অথবা শেয়ারহোল্ডার যিনি ওই কোম্পানির ৫ শতাংশের বেশি শেয়ার ধারণ করেন, তিনি পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কোম্পানির শেয়ার বিক্রয় করতে পারবেন না।’সাইফুর রহমান বলেন, ‘গত সপ্তাহে বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে আমরা বৈঠক করেছি। তাঁদের সুপারিশ অনুযায়ী পুঁজিবাজারের উন্নয়ন ও বিনিয়োগকারীদের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলেও জানান তিনি।