শেয়ার লেনদেন নিষ্পত্তির সময় এক দিন কমল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে শেয়ার লেনদেন নিষ্পত্তি হওয়ার সময়সীমা টি+৩ থেকে কমিয়ে টি+২ করা হয়েছে। এর ফলে এখন থেকে চার দিনের স্থলে লেনদেন লেনদেন নিষ্পত্তি হতে সময় লাগবে তিন দিন। তবে ‘জেড’ ক্যাটাগরির শেয়ার এর আওতার বাইরে থাকবে।আজ মঙ্গলবার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে এসইসির নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ এ তথ্য জানান।পুঁজিবাজারে অব্যাহত দরপতন ঠেকাতে দুই স্টক এক্সচেঞ্জের পরামর্শ অনুযায়ী লেনদেন নিষ্পত্তি হওয়ার এই সময়সীমা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার ক্রয়ের ক্ষমতা আরও বাড়বে বলে ফরহাদ আহমেদ জানান।এদিকে এসইসির এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।ডিএসইর সভাপতি শাকিল রিজভী প্রথম আলো অনলাইনকে বলেন, লেনদেন নিষ্পত্তি হওয়ার সময় সীমা কমানো অবশ্যই ইতিবাচক একটি পদক্ষেপ। এর ফলে বিনিয়োগকারীরা শেয়ার কেনাবেচা করে দ্রুত টাকা ফেরত পাবেন। একই সঙ্গে নতুনভাবে বিনিয়োগ করতে পারবেন। তবে সিদ্ধান্তটি কার্যকর হতে একটু সময় লাগবে বলে জানান তিনি।সিএসইর সভাপতি ফখরউদ্দিন আলী আহমেদও এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। এর ফলে বিনিয়োগকারীদের ক্রয়ক্ষমতা বাড়বে। জেড ক্যাটাগরির শেয়ারেও এই সুযোগ দেওয়া হলে আরও ভল হতো বলে মনে করেন তিনি।