শেয়ার সরবরাহ বাড়ানোর এখনই উত্তম সময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপ্রদর্শিত অর্থ পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ এবং কর রেয়াত সুবিধা বহাল রাখার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে গত জুন মাসের শেষ দিক থেকে পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে। এ অবস্থায় শেয়ার সরবরাহ বাড়ানো প্রয়োজন বলে মনে করছেন বাজার বিশ্লেষকেরা। এ অবস্থায় শেয়ার সরবরাহ বাড়ানো না গেলে আবারও বাজার অতিমূল্যায়িত হওয়ার আশঙ্কা করছেন তাঁরা।এ ব্যাপারে রশিদ ইনভেস্টমেন্ট সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক আহমেদ রশিদ লালী বলেন, বেশ কিছুদিন ধরে বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে। সরকারের দুটি ইতিবাচক সিদ্ধান্তের প্রতিফলন এটা। তিনি আরও বলেন, বাজার এমন একটা অবস্থানে চলে গিয়েছিল যে তখন বিনিয়োগকারীরা বিনিয়োগে আকৃষ্ট হয়েছিলেন। যাঁরা এখন বাজারে আছেন তাঁরা নিজেদের পোর্টফোলিও পুনর্বিন্যাস করে নিচ্ছেন। এর ফলে বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে। তা ছাড়া অব্যাহত দরপতনে ব্যাংকিং খাত অনেক নিচে নেমে গিয়েছিল। খাতটির মূল্য আয় অনুপাত (পিই) নেমে এসেছিল প্রায় ১০-এ। এর ফলে এ খাতের প্রতি বিনিয়োগকারীরা আকৃষ্ট হয়েছেন।বাজারের এ ইতিবাচক পরিস্থিতিতে শেয়ার সরবরাহ বাড়ানো প্রয়োজন বলে মনে করেন এই বাজার বিশ্লেষক। তাঁর মতে, নতুন শেয়ার বাজারে আনার এখনই উপযুক্ত সময়। বর্তমানে এসইসিতে যেসব কোম্পানির আইপিও আবেদন জমা রয়েছে প্রয়োজনে এমন কোম্পানির শেয়ারের দাম ফিক্সড প্রাইজ মেথডে পুনর্নির্ধারণ করে বাজারে ছাড়ার পরামর্শ দিয়েছেন তিনি। একই সঙ্গে সরকারি শেয়ার বাজারে ছাড়ার ব্যাপারেও গুরুত্বারোপ করেন তিনি।অব্যাহত চাঙাভাবের বিষয়ে লালী বলেন, খুব কাছাকাছি সময়ে প্রফিট টেকিং হলে মূল্য সংশোধনের সম্ভাবনা রয়েছে। বিনিয়োগের ব্যাপারে তিনি বলেন, দীর্ঘ মেয়াদি বিনিয়োগের এখনই উত্তম সময়। তবে এখনো অনেক শেয়ার অতিমূল্যায়িত রয়েছে বলে তিনি মন্তব্য করেন। একই সঙ্গে যেসব কোম্পানির মূল্য আয় (পিই) অনুপাত কম এবং মৌল ভিত্তি ভালো, সেসব কোম্পানিতে বিনিয়োগ করলে লাভবান হওয়া যাবে বলে মনে করেন ডিএসইর এই নেতা।চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতি ফখর উদ্দিন আলী আহমেদ বলেন, সবকিছু মিলিয়ে বাজারে আস্থা সৃষ্টি হলে বিনিয়োগকারীরা স্বতঃস্ফূর্তভাবে বাজারে ফিরে আসে। আস্থা ফিরে আসায় এরই মধ্যে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বেড়েছে। যে কারণে বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। তবে দেখে শুনে ভালো মৌল ভিত্তির কোম্পানিতে বিনিয়োগের পরামর্শ দেন তিনি।ফখর উদ্দিন আরও বলেন, বাজারে বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে হলে পাইপলাইনে থাকা কোম্পানিগুলো শেয়ার দ্রুত বাজারে আনতে হবে। এ ক্ষেত্রে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।