শেয়ার হাতবদলের রেকর্ড ডিএসইতে
আর্থিক লেনদেন নয়, দেশের পুঁজিবাজারে এবার শেয়ার হাতবদলের রেকর্ড হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বুধবার লেনদেন হওয়া ২৬৩টি কোম্পানির মোট ২০ কোটি ৮৩ লাখ ৪০ হাজার ৬২৩টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। স্টক এক্সচেঞ্জটির ইতিহাসে সর্বোচ্চ শেয়ার হাতবদলের রেকর্ড। আগের দিন মঙ্গলবারও ডিএসইতে ১৮ কোটি ২৮ লাখ ৮৮ হাজার ৮৩৯টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছিল। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, অনেক কোম্পানি শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকা থেকে ১০ টাকায় পরিবর্তন করায় বাজারে শেয়ারের সংখ্যাও বেড়ে গেছে। সম্প্রতি যেসব নতুন কোম্পানি বাজারে এসেছে, সেগুলোরও অভিহিত মূল্য ১০ টাকা। মূলত এ কারণেই বাজারের গুণগত তেমন পরিবর্তন না হলেও শেয়ারের লেনদেন বেড়েছে। তা ছাড়া কেবল মনস্তাত্ত্বিক কারণে বিনিয়োগকারীরা অনেক সময় কম অভিহিত মূল্যের (ফেসভ্যালু) শেয়ারের দিকে ঝুঁকছেন। এ ক্ষেত্রে কোম্পানির মৌলভিত্তির চেয়ে শেয়ারের দৃশ্যমান কম দরকেই তাঁরা আমলে নিচ্ছেন। অথচ ভালো মৌলভিত্তি হওয়া সত্ত্বেও অভিহিত মূল্য বেশি হওয়ায় সেদিকে তেমন আগ্রহ দেখাচ্ছেন না। ফলে আবারও দুর্বল মৌলভিত্তির শেয়ারগুলোই অতিমূল্যায়নের দিকে এগোচ্ছে। এতে বাজারে ভারসাম্যহীনতা সৃষ্টির আশঙ্কা দেখা দিতে পারে। এ কারণে পুঁজিবাজার তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী সব শেয়ারের অভিহিত মূল্য দ্রুততার সঙ্গে সমতায় আনা দরকার বলে মনে করেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা। বাজার বিশ্লেষণে দেখা গেছে, গতকাল মূল্য বৃদ্ধির শীর্ষে থাকা ১০টি কোম্পানির অভিহিত মূল্য ১০ টাকা। আর লেনদেনে থাকা প্রথম ১০টি কোম্পানির নয়টিরই অভিহিত মূল্য ১০ টাকা।