ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ারধারী চার পরিচালক পদে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়জন প্রার্থী।
এরই মধ্যে দুজন মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় এই সংখ্যা কমে আট থেকে ছয়জনে দাঁড়িয়েছে। যে দুজন প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন তাঁরা হলেন জাতীয় পাটির্র সাংসদ কাজী ফিরোজ রশীদ ও ডেসা সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামীম আফজাল।
গত ৩০ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে এই দুজন আগ্রহী প্রার্থী তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। ফলে চার শেয়ারধারী পরিচালক পদের জন্য চূড়ান্তভাবে যে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তাঁরা হলেন ডিএসইর সাবেক সভাপতি শাকিল রিজভী, সাবেক পরিচালক খাজা গোলাম রসুল, বর্তমান ঊর্ধ্বতন সহসভাপতি মোহাম্মদ শাহজাহান, পরিচালক শরীফ আনোয়ার হোসেন ও আহমেদ রশীদ এবং সাবেক পরিচালক লাইলুন নাহার একরাম।
তফসিল অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি চার পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। তাতে ২৪২ জন শেয়ারধারী ভোট দেবেন। এই নির্বাচনের পর গঠিত হবে স্টক এক্সচেঞ্জটির মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথক্করণ বা ডিমিউচুয়ালাইজেশন পরবর্তী প্রথম পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ।