শেয়ারবাজার আবার ঊর্ধ্বমুখী, মূল্যবৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব ধরনের সতর্কতা, উদ্বেগ ও শঙ্কাকে পাশ কাটিয়ে আবারও ঊর্ধ্বমুখী দেশের শেয়ারবাজার। দুই স্টক এক্সচেঞ্জ সম্মিলিতভাবে বাজার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করার পরের দিন গত রোববার তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানির শেয়ারে কিছুটা মূল্য সংশোধন হয়েছিল। কিন্তু গত দুই দিনে মূল্যসূচক আগের অবস্থায় ফিরে এসেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক গত রোববার ১৮৮ পয়েন্টের মতো কমেছিল। গত দুই দিনে তা ১৭০ পয়েন্ট পর্যন্ত পুনরুদ্ধার হয়েছে। ডিএসইতে গতকাল সাধারণ সূচক আগের দিনের চেয়ে ৬৭ পয়েন্ট বেড়ে সাত হাজার ৪৬৩ পয়েন্ট হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ২২৬ পয়েন্ট বেড়ে ২১ হাজার ৭৩৭ পয়েন্ট ছাড়িয়ে গেছে। শুধু সূচক নয়, লেনদেনের পরিমাণও দুই স্টক এক্সচেঞ্জে আগের দিনের চেয়ে কিছুটা বেড়েছে। ডিএসইতে গতকাল দিনশেষে প্রায় দুই হাজার ১৯ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ৪৫৪ কোটি টাকা বেশি। আর সিএসইতে লেনদেন হয়েছে ১৭২ কোটি টাকার। বিশ্লেষকেরা বলছেন, অতিরিক্ত নগদ অর্থ বা তারল্যপ্রবাহের কারণেই বাজার বাড়ছে। তাই ঋণ কমিয়ে বা সতর্ক করে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা খুব একটা কাজে আসবে বলে মনে হচ্ছে না। তবে বাজারের স্বাভাবিক নিয়মানুযায়ী একটি পর্যায়ে গিয়ে স্বয়ংক্রিয়ভাবে মূল্য সংশোধন ঘটবে। বিনিয়োগকারীদের সেই মূল্য সংশোধনের জন্য প্রস্তুত থাকতে হবে। বিশ্লেষকেরা আরও বলেন, শেয়ারবাজারের মুনাফা যেমন নিজের, তেমনই লোকসানও নিজেকে বহন করতে হবে। তাই মূল্য সংশোধনের সময় কাউকে দোষারোপ করে খুব একটা লাভ হবে না। সে জন্য তাদের উচিত কোম্পানির মৌল ভিত্তি, অর্থাৎ শেয়ারপ্রতি আয় (ইপিএস), প্রকৃত সম্পদমূল্য, নগদ অর্থের প্রবাহ, লভ্যাংশ দেওয়ার ইতিহাস সর্বোপরি উদ্যোক্তাদের সামাজিক ও ব্যবসায়িক ভাবমূর্তি সম্পর্কে ভালোমতো খোঁজ নিয়ে বিনিয়োগ করা। বাজার পরিস্থিতি: গতকাল লেনদেনের শুরু থেকে বাড়তে থাকে বেশির ভাগ শেয়ারের দাম। প্রথম এক ঘণ্টায় শতাধিক কোম্পানি ছিল দাম বাড়ার তালিকায়। দাম কমার তালিকায় ছিল মাত্র ১৫-১৬টি কোম্পানি। দুপুর পর্যন্ত এ ধারা অব্যাহত ছিল। কিন্তু দুপুরের পর দাম কমতে থাকা কোম্পানির সংখ্যা বাড়তে থাকে। দিনশেষে দর হারানো কোম্পানির সংখ্যা ১০০-এর ওপরে চলে যায়। ডিএসইতে গতকাল ২৪৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৩২টির, কমেছে ১০৩টির ও অপরিবর্তিত ছিল ১১টির। সিএসইতে লেনদেন হয়েছে ১৮৮টি কোম্পানির। এর মধ্যে দাম বেড়েছে ১০৯টির, কমেছে ৬৮টির ও অপরিবর্তিত ছিল একটি কোম্পানির দাম।