শেয়ারবাজার আবার ঊর্ধ্বমুখী হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নিম্নগামী প্রবণতা কাটিয়ে গতকাল সোমবার ঊর্ধ্বমুখী হয়েছে। সাধারণ সূচক, বেশির ভাগ শেয়ারের দাম ও বাজার মূলধন বাড়ায় বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। তবে সামগ্রিক লেনদেন কিছুটা কমেছে।বাজার বিশ্লেষকেরা মনে করছেন, আগের দুই দিন দরপতনের ফলে বেশির ভাগ শেয়ারের দাম কমে যাওয়ায় গতকাল শেয়ার কেনার প্রবণতা বেশি ছিল। তাই বাজারে চাঙাভাব লক্ষ করা গেছে।এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক সালাহউদ্দিন আহমেদ খান প্রথম আলোকে বলেন, ‘বাজারে বর্তমানে বেশ তারল্যসংকট রয়েছে। তাই বাজার বেশ ওঠানামা করছে। তবে আগের দুই দিন মূল্য সংশোধনের পর আজ (সোমবার) স্বাভাবিকভাবেই বাজারে ঊর্ধ্বগতি দেখা গেছে।’ডিএসই সূত্রে জানা যায়, চাঙাভাবের মধ্য দিয়ে দিনের লেনদেন শুরু হয়, যা সারা দিনই অব্যাহত থাকে। দিন শেষে সাধারণ মূল্যসূচক ১০৮ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে ৮২০৫ দশমিক ০৮ পয়েন্টে দাঁড়ায়। গতকাল ডিএসইতে লেনদেন হওয়া ২৪২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৭৮টির, কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে মোট নয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।গতকাল ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো: এনবিএল, প্রাইম ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, এবি ব্যাংক, ওয়ান ব্যাংক, ইসলামী ব্যাংক, তিতাস গ্যাস, গ্রামীণফোন, পূবালী ব্যাংক ও ইউসিবিএল।গতকাল সবচেয়ে বেশি দর বেড়েছে কাশেম ড্রাইসেলের শেয়ারের দাম। এ ছাড়া দাম বাড়ায় শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে: ইস্টার্ন হাউজিং, ঢাকা ডায়িং, রহিমা ফুড, শাইনপুকুর সিরামিকস, অগ্নি সিস্টেম, গোল্ডেন সন, কনফিডেন্স সিমেন্ট, বেক্সিমকো সিনথেটিক ও বিচ হ্যাচারি।এদিকে দর সবচেয়ে বেশি কমেছে ইস্টার্ন ইন্স্যুরেন্সের শেয়ারের। এ ছাড়া দাম কমে যাওয়া শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে: এইচআর টেক্সটাইল, স্টাইল ক্রাফট, ইস্টার্ন লুব্রিক্যান্টস, মুন্নু স্টাফলার, সায়হাম টেক্সটাইল, দুলামিয়া কটন, আলহাজ টেক্সটাইল, রূপালী ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক।গতকাল ডিএসইর বাজার মূলধন তিন লাখ ৪৮ হাজার ৯২১ কোটি টাকায় দাঁড়িয়েছে।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গতকাল সার্বিক মূল্যসূচক পায় দেড় শতাংশ বেড়েছে।সিএসইতে লেনদেন হওয়া ১৮৩টি শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১৩৪টির, কমেছে ৪১টির আর অপরিবর্তিত রয়েছে আটটির। সিএসইতে মোট লেনদেনের পরিমাণ ছিল ১৫৬ কোটি ৬১ লাখ টাকা।