চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে গতকাল মঙ্গলবার দেশের শেয়ারবাজার আবারও ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে। বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, অপ্রদর্শিত অর্থ বা কালোটাকা বিনিয়োগের বিষয়ে বিভ্রান্তি দূর হওয়ায় বাজারে আবারও গতি ফিরে আসছে।দেশের একাধিক সংবাদপত্রে গত সোমবার প্রকাশিত খবরে কালোটাকা বিনিয়োগের বিষয়টি নিয়ে বাজারে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে, যে কারণে সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার (রোববার বড়দিনের ছুটি ছিল) দুই বাজারেই দরপতন ঘটে।এই অবস্থায় গতকাল জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ এক সংবাদ সম্মেলনে জানান, শেয়ারবাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ করলে এনবিআর ওই অর্থের উৎস নিয়ে কোনো প্রশ্ন তুলবে না। অবশ্য এর আগের দিন সোমবার বিভিন্ন সংবাদমাধ্যমে এনবিআরের চেয়ারম্যানকে উদ্ধৃত করে এই খবর প্রচার করা হয়।গতকালের সংবাদ সম্মেলনের ফলে বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হওয়া বিভ্রান্তি দূর হয়, যার প্রভাব লেনদেনের শুরু থেকেই বাজারে পড়তে দেখা গেছে। মূল্যসূচকের ঊর্ধ্বগতি দিয়েই গতকাল বেলা ১১টায় প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরু হয়। প্রথম ১০ মিনিটেই ডিএসইর সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৪৫ পয়েন্ট বেড়ে যায়। এরপর প্রায় ২০ মিনিট সূচকের ঊর্ধ্বগতি কিছুটা মন্থর হয়।ততক্ষণে এনবিআরের সংবাদ সম্মেলনের বরাত দিয়ে ‘শেয়ারবাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের’ খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচার হতে থাকে। তাতেই মূল্যসূচকের মন্থরগতি আবার বেগবান হয়ে ওঠে, যা দিনের শেষভাগ পর্যন্ত অব্যাহত ছিল।দিন শেষে ডিএসইর সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ৮৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ২৪০ পয়েন্টে। একই সঙ্গে বেড়েছে লেনদেনও। গতকাল ডিএসইতে ৪২৩ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় ৬২ কোটি টাকা বেশি।ঢাকার বাজারে এদিন লেনদেন হওয়া অধিকাংশ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম বেড়েছে। এদিন ডিএসইতে মোট ২৬৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ২৩৮টিরই দাম বেড়েছে, কমেছে ১৮টির আর অপরিবর্তিত ছিল আটটির দাম। দর বাড়ার ক্ষেত্রে গতকালও স্বল্প বা ছোট মূলধনের কোম্পানিগুলোর প্রাধান্যই ছিল বেশি।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে গতকাল প্রায় ২৫৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮২৫ পয়েন্টে। এদিন সিএসইতে ১৯১টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ১৬৯টির, কমেছে ১৬টির আর অপরিবর্তিত ছিল ছয়টি কোম্পানির শেয়ারের দাম। এদিন চট্টগ্রামের শেয়ারবাজারে ৪১ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে পাঁচ কোটি টাকা বেশি।