শেয়ারবাজার টানা তৃতীয় দিন ঊর্ধ্বমুখী
ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়েই শেষ হয়েছে শেয়ারবাজারের গতকাল মঙ্গলবারের লেনদেন। এ নিয়ে টানা তিন দিন দেশের দুই স্টক এক্সচেঞ্জেই শেয়ারের দাম বেড়েছে। বাজারের এই আচরণ বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা স্বস্তি ফেরালেও তাঁরা এখনো পুরোপুরি আস্থাশীল হতে পারেননি। গতকাল দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ সূচক দাঁড়ায় পাঁচ হাজার ৭৫৮ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ১৫৪ পয়েন্ট বেশি। গতকাল দিন শেষে ডিএসইতে প্রায় ৭৩১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় আড়াই শ কোটি টাকা বেশি। এর ফলে ৪২ দিন পর ঢাকার বাজারে লেনদেন গতকাল ৭০০ কোটি টাকা ছাড়াল। এর আগে সর্বশেষ গত ১৯ এপ্রিল ডিএসইতে প্রায় ৭৯২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল। লেনদেনের এই গতি সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরিয়েছে। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বাজারে সক্রিয় হতে শুরু করায় লেনদেন বাড়ছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বাজারে ভালোভাবে সক্রিয় হলে বাজারও স্থিতিশীলতা ফিরে পাবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিমত। টানা দরপতনের ফলে গত মে মাসে ঢাকার বাজারে লেনদেন সর্বনিম্ন ২৯৬ কোটি টাকায় নেমেছিল। বেশ কিছুদিন পর গতকাল ডিএসইতে দাম বাড়ার শীর্ষ ১০ কোম্পানির তালিকার সাতটিই ছিল ব্যাংক খাতের কোম্পানি। এগুলো হলো: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, পূবালী ব্যাংক, উত্তরা ব্যাংক, ওয়ান ব্যাংক, এনসিসি ব্যাংক ও এবি ব্যাংক। গতকাল সূচক বাড়ার পেছনে এটিও ছিল অন্যতম কারণ। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বাজারে সক্রিয় হতে থাকায় মৌল ভিত্তিসম্পন্ন কোম্পানির দামের ওপর তার ইতিবাচক প্রভাব পড়েছে। ঢাকার বাজারে গতকাল ২৫৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ১৪৮টির, কমেছে ১০৮টির আর অপরিবর্তিত ছিল তিনটির দাম। চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক গতকাল ৩৫৪ পয়েন্ট বেড়ে হয়েছে ১৬ হাজার ২৮। চট্টগ্রামের বাজারে মঙ্গলবার ২০২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ১৪১টির, কমেছে ৪৯টির আর অপরিবর্তিত ছিল ১২টির দাম। চট্টগ্রামের বাজারে লেনদেন গতকাল ফের শত কোটি টাকা ছাড়িয়েছে। দিন শেষে লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ৪৬ কোটি টাকা বেড়ে হয়েছে ১০৬ কোটি টাকা।