শেয়ারবাজার থেকে সরকারের রাজস্ব অর্ধেক কমে গেছে
শেয়ারবাজার থেকে সরকারের রাজস্ব আদায় কমে গেছে। সদ্য সমাপ্ত অর্থবছর (২০১১-১২) শেষে শেয়ারবাজারের ব্রোকারেজ হাউসের কমিশন থেকে সরকারের রাজস্ব আদায় আগের বছরের অর্ধেকে নেমে গেছে। একইভাবে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালক এবং প্লেসমেন্ট শেয়ারধারীদের শেয়ার বিক্রি থেকেও রাজস্ব আদায় কমেছে।ডিএসইর তথ্য অনুযায়ী, গত অর্থবছরে ব্রোকারেজ কমিশন থেকে সরকারের রাজস্ব আদায় হয়েছে প্রায় ১৬৯ কোটি টাকা। আগের অর্থবছরে যার পরিমাণ ছিল ৩২৬ কোটি টাকা।আর তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্টধারীদের শেয়ার বিক্রি থেকে গত অর্থবছরে সরকারের কোষাগারে জমা হয়েছে প্রায় ১০৩ কোটি টাকা, যা আগের বছরের চেয়ে প্রায় ১৬ শতাংশ কম। ২০১০-১১ অর্থবছরে এ খাত থেকে সরকারের আয় হয়েছিল প্রায় ১২১ কোটি টাকা।দীর্ঘদিন ধরে শেয়ারবাজারে মন্দাভাবকেই রাজস্ব কমে যাওয়ার প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা।ব্রোকারেজ হাউসের লেনদেনের ওপর শূন্য দশমিক ০৫ শতাংশ হারে কর আদায় করে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর। প্রতিটি ব্রোকারেজ হাউসের লেনদেন থেকে ডিএসই কর্তৃপক্ষ এই কমিশন আদায় করে তা সরকারি কোষাগারে জমা দেয়।এদিকে ডিএসইর তথ্য অনুযায়ী, গত অর্থবছরে ঢাকার বাজারে সাধারণ মূল্যসূচক প্রায় ২৬ শতাংশ কমে গেছে। ২০১০-১১ অর্থবছরের শেষ কার্যদিবস অর্থাৎ ২০১১ সালের ৩০ জুন ডিএসইর সাধারণ সূচক ছিল ছয় হাজার ১১৭ পয়েন্ট। সদ্য সমাপ্ত অর্থবছরের শেষ কার্যদিবসে গত ২৮ জুন তা নেমে এসেছে প্রায় চার হাজার ৫৭৩ পয়েন্টে।একইভাবে লেনদেন উল্লেখযোগ্য হারে কমে গেছে। ২০১০-১১ অর্থবছরের শেষ কার্যদিবসে অর্থাৎ ২০১১ সালের ৩০ জুন ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৯৫৫ কোটি টাকা। সদ্য বিদায়ী অর্থবছরের শেষ কার্যদিবসে অর্থাৎ গত ২৮ জুন সেটি কমে দাঁড়িয়েছে ৩০০ কোটি টাকায়।