শেয়ারবাজার নিয়ে কথা রাখলেন অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথা রেখেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বাজেট ঘোষণার আগেই তিনি বলেছিলেন, পুঁজিবাজারে যেসব সুবিধা বিদ্যমান রয়েছেন, সেগুলোর বিষয়ে কোনো ধরনের ছোঁয়াছুঁয়ি করবেন না। গতকাল বৃহস্পতিবার ঘোষিত নতুন অর্থবছরের বাজেটে সেই কথা রেখেছেন তিনি। পুঁজিবাজারের বিদ্যমান সুযোগ-সুবিধার কোনোটাতে কাটছাঁট না করে বরং বাড়তি কিছু প্রণোদনার ঘোষণা দেওয়া হয়েছে নতুন বাজেটে।এর ফলে দেশের পুঁজিবাজারে কালোটাকা বিনিয়োগের সুযোগ, মুনাফা আয়ের করমুক্ত সুবিধাসহ বিদ্যমান অন্য সুবিধাগুলোর মেয়াদ বাড়ল আরও এক বছর। তার সঙ্গে নতুন অর্থবছর থেকে সাধারণ বিনিয়োগকারীরা তাঁদের পাঁচ হাজার টাকা পর্যন্ত লভ্যাংশ আয়ে (ডিভিডেন্ড ইনকাম) পুরোপুরি করমুক্ত সুবিধা পাবেন।এ ছাড়া পুঁজিবাজারে কর্মকাণ্ড পরিচালনাকারী মার্চেন্ট ব্যাংকগুলোর প্রাতিষ্ঠানিক কর হার ৫ শতাংশীয় পয়েন্ট কমিয়ে সাড়ে ৩৭ শতাংশে নামিয়ে আনার ঘোষণা দেওয়া হয়েছে। বর্তমানে মার্চেন্ট ব্যাংকগুলোর সাড়ে ৪২ শতাংশ হারে প্রাতিষ্ঠানিক কর নির্ধারিত রয়েছে।এর বাইরে শেয়ারবাজারে নতুন কোম্পানির তালিকাভুক্তিকে উৎসাহিত করতে বিশেষ প্রণোদনার ঘোষণা দেওয়া হয়েছে। যেসব কোম্পানি তাদের পরিশোধিত মূলধনের ২০ শতাংশ শেয়ার প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে বাজারে ছাড়বে, ওই কোম্পানি সংশ্লিষ্ট বছরে ১০ শতাংশ কর রেয়াত সুবিধা পাবে। অর্থাৎ, কোনো কোম্পানি যদি আইপিওতে ২০ শতাংশ শেয়ার ছাড়ে এবং ওই কোম্পানির প্রাতিষ্ঠানিক করহার যদি নির্ধারিত থাকে সাড়ে ২৭ শতাংশ, তাহলে যে বছর কোম্পানিটি বাজারে তালিকাভুক্ত হবে ওই বছর কোম্পানিটির ১০ শতাংশ কর রেয়াতসুবিধা পাবে। সে ক্ষেত্রে নির্দিষ্ট বছরটির জন্য কোম্পানিটির প্রাতিষ্ঠানিক করহার কমে দাঁড়াবে সাড়ে ১৭ শতাংশে।অর্থমন্ত্রী তাঁর বাজেট বক্তব্যে পুঁজিবাজারসংশ্লিষ্ট মামলা নিষ্পত্তির জন্য বিশেষ আদালত প্রতিষ্ঠারও ঘোষণা দিয়েছেন।অর্থমন্ত্রী তাঁর দীর্ঘ বাজেট বক্তব্যের দুটি অংশে পুঁজিবাজার বিষয়ে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেছেন। সাদা মলাটে বাঁধা বাজেট বক্তব্যের বইয়ের ২৩ ও ২৪ পৃষ্ঠাজুড়ে বলেছেন সংস্কার কর্মকাণ্ডের পরিকল্পনার কথা। আর ১০২ পৃষ্ঠায় উল্লেখ করেছেন প্রণোদনার বিষয়গুলো।পুঁজিবাজারবিষয়ক বক্তব্যের প্রথম অংশে অর্থমন্ত্রী বলেছেন, ‘দুঃখজনক হলেও সত্যি, গত প্রায় এক বছর ধরে বাজার মূলধন ও সূচকে ব্যাপক সংশোধন হয়। বিষয়টি আমরা যথেষ্ট গুরুত্বের সঙ্গে নিয়ে নানা পদক্ষেপ গ্রহণ করি। এর ফলে পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরে আসার অবস্থা তৈরি হয়েছে। একই সঙ্গে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে এবারকার বাজেটেও পুঁজিবাজারের জন্য কিছু প্রণোদনা দেওয়া হলো।’আগামী অর্থবছরেও পুঁজিবাজারের জন্য যেসব সংস্কার প্রস্তাব রয়েছে সেগুলো হচ্ছে: দুই স্টক এক্সচেঞ্জের মালিকানা, ব্যবসা ও ব্যবস্থাপনাকে আলাদা করা (ডি-মিউচুয়ালাইজেশন), বাজারের অনিয়ম রোধে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সার্ভিল্যান্স সফটওয়্যার স্থাপন, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং আইন প্রণয়ন ও ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল গঠন, স্টক এক্সচেঞ্জের লেনদেন নিষ্পত্তির জন্য আলাদা কোম্পানি করা, সিকিউরিটিজ আইন ও বিধিবিধান সংশোধন। এসব সংস্কার প্রস্তাবের কথা চলতি বছরের বাজেট বক্তব্যেও বলা হয়েছিল।