শেয়ারবাজার নিয়ে সরকারের 'সাফল্য' প্রচারের উদ্যোগ

এবার শেয়ারবাজার নিয়ে মহাজোট সরকারের সাফল্য প্রচারের উদ্যোগ নিয়েছে সরকার। সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) সাফল্য প্রচারের নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ২৬ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পরিচালনা পর্ষদ ও সমন্বয় অধিশাখা থেকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) চিঠি পাঠানো হয়। চিঠিতে মহাজোট সরকারের পাঁচ বছরে বিভিন্ন আর্থসামাজিক ও মানবিক উন্নয়ন সূচকের প্রচারণা চালানোর জন্য বিএসইসিকে নির্দেশ দেওয়া হয়।
অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পরিচালনা পর্ষদ ও সমন্বয় অধিশাখার উপসচিব মো. রিজওয়ানুল হুদার স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, ‘মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন আর্থসামাজিক ও মানবিক উন্নয়ন সূচকসমূহে ২০০৯ এবং ২০১৩ সালের অগ্রগতির তুলনামূলক চিত্র জনসাধারণের বোধগম্য ভাষায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, বিলবোর্ড এবং স্ব-স্ব ওয়েবসাইটে জরুরিভিত্তিতে বহুল প্রচারের ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’ চিঠিতে আর্থসামাজিক উন্নয়নের ১৫টি সূচক উল্লেখ করা হয়।

বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান অর্থ মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজ বুধবার প্রথম আলো ডটকমকে বলেন, সরকারের বিগত পাঁচ বছরের সাফল্য প্রচারের অংশ হিসেবে শেয়ারবাজারের সাফল্য প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে। বিএসইসির পক্ষ থেকে ইতিমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
এদিকে বাজার পর্যালোচনা করে দেখা যায়, ২০০৯ সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসে। এরপর বাজার দ্রুত বাড়তে থাকে। ২০১০ সালের ৫ ডিসেম্বর প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক শেয়ারবাজারের ইতিহাসে সর্বোচ্চ আট হাজার ৯১৮ পয়েন্টে দাঁড়ায়। এরপর শুরু হয় ধস। শেয়ারবাজার ধসের ধাক্কা আজও সামলে উঠতে পারেনি। গত ১ এপ্রিল ডিএসইর সাধারণ মূল্যসূচক তিন হাজার ৬১০ পয়েন্টে নেমে আসে। অব্যাহত বাজার ধসের কারণে নিঃস্ব হন অনেক বিনিয়োগকারী। রাজধানীর মতিঝিলসহ দেশের বিভিন্ন স্থানে বিনিয়োগকারীদের বিক্ষোভও প্রদর্শন করতে দেখা যায়। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটে।
এ দিকে বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে অবশ্য সরকারের পক্ষ থেকে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়। ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়। পুঁজিবাজারের উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়। সংশ্লিষ্ট বেশ কিছু আইন সংশোধন এবং নতুন আইন প্রণয়ন করা হয় বলে বিএসইসি সূত্রে জানা যায়।