শেয়ারবাজার প্রণোদনার চূড়ান্ত প্যাকেজ ঘোষণা শুরু
শেয়ারবাজারে স্থিতিশীলতা ফেরাতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ বা প্রণোদনা আজ বুধবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা শুরু হয়েছে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) বিকেল চারটায় এ ঘোষণা শুরু করেছে ।গতকাল এসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান সাইফুর রহমান বলেছিলেন, ‘পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে প্রধানমন্ত্রীর বৈঠকের পর বিভিন্ন পক্ষের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছে এসইসি। এরই পরিপ্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তগুলো কাল (বুধবার) ঘোষণা করা হবে।’শেয়ারবাজারে অব্যাহত দরপতনের প্রতিবাদে গত বুধবার বিভিন্ন স্টেকহোল্ডারদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বৈঠক শেষে শিগগিরই পুঁজিবাজার নিয়ে একটি প্রণোদনা ঘোষণা করা হবে বলে সংবাদ ব্রিফিংয়ে এসইসির সদস্য আরিফ খান জানিয়েছিলেন।এদিকে পুঁজিবাজার স্থিতিশীল করতে প্রধানমন্ত্রীর উদ্যোগ নেওয়ার পর থেকেই মূল্যসূচক ও লেনদেন বাড়ছে। বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, কোনো প্রশ্ন ছাড়ায় পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগ-সংক্রান্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) স্পষ্টীকরণ প্রজ্ঞাপন, তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার ধারণ বাধ্যতামূলক করার প্রস্তাব, বাজার স্থিতিশীল করতে সরকারের পদক্ষেপ বা প্রণোদনা ঘোষণার বিষয়টি বাজারে ইতিবাচক প্রভাব রাখছে।