দেশের শেয়ারবাজারকে এককভাবে ব্যাংকিং খাতের ওপর নির্ভরশীল করে তোলার সমালোচনা করেছেন অর্থনীতিবিদেরা। তাঁরা বলেন, একটি আর্থিক খাত এককভাবে আরেকটি আর্থিক খাতের ওপর নির্ভরশীল হতে পারে না। এতে সামগ্রিক অর্থনীতি ঝুঁকির মধ্যে পড়ে যায়। বাংলাদেশ অর্থনীতি সমিতির চট্টগ্রাম অধ্যায় আয়োজিত এক আঞ্চলিক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। এতে বলা হয়, ব্যাংকগুলো শেয়ারবাজারে বিনিয়োগের জন্য গণহারে ঋণ দিয়ে গেছে। এ জন্য দেশের শিল্পসহ নানা খাতে বিনিয়োগ কিছুটা হলেও বাধাগ্রস্ত হয়েছে।চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে গতকাল শনিবার সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। এতে সভাপতিত্ব করেন অর্থনীতি সমিতির চট্টগ্রাম অধ্যায়ের সভাপতি জ্যোতিপ্রকাশ দত্ত। দিলীপ বড়ুয়া বলেন, ‘দেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থায় পতিত হয়েছে বলে যেভাবে চারদিকে আলোচনা-সমালোচনা হচ্ছে, তা আদৌ ঠিক নয়। উৎপাদনশীল খাতসহ নানা খাতে দক্ষতা অর্জনের মাধ্যমে আমরা অনেক দূর এগিয়েছি।’ ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য সিকান্দার খান বলেন, ক্ষুদ্রঋণের মাধ্যমে দেশের অর্থনীতিতে যে অগ্রগতি হয়েছে, তা বিবেচনায় আনা উচিত। কারণ, ক্ষুদ্রঋণের প্রবাহকে এগিয়ে নেওয়ার মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।দিনব্যাপী এ সেমিনারের দুটি অধিবেশনে আটটি প্রবন্ধ উপস্থাপন হয়। এগুলোর ওপর ইমেরিটাস অধ্যাপক ড. জামাল নজরুল ইসলামসহ অন্যরা আলোচনা করেন।সেমিনারে ‘বাংলাদেশ ব্যাংক এবং আর্থিক খাতের ব্যবস্থাপনা’ শীর্ষক প্রথম অধিবেশনে চারটি প্রবন্ধ উপস্থাপন করেন যথাক্রমে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. নওশাদ আলী চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. সাইফুল ইসলাম, ফেনী গার্লস ক্যাডেট কলেজের শিক্ষক মুহাম্মদ জসীম উদ্দিন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা আক্তার। আলোচনা করেন মো. আলী আশরাফ ও আবুল কালাম আজাদ।অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক তৌফিক আহমদ চৌধূরীর সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশনে বিশ্বমন্দা এবং বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য বিষয়ে চারটি প্রবন্ধ উপস্থাপন করেন যথাক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. আবদুল ওয়াদুদ ও প্রভাষক মো. সেলিম রেজা, ইউনিভার্সিটি অব লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড ফিন্যান্সের শিক্ষার্থী রুম্মান করিম চৌধুরী, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ফাতেমা জোহরা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মো. ফসিউল আলম।