দেশের শেয়ারবাজার এখন আর পুঁজি বিনিয়োগের বাজার নেই, হয়ে উঠেছে ‘ক্যাসিনো’ (জুয়ার আসর)। প্রথিতযশা অর্থনীতিবিদ ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান এই অভিমত ব্যক্ত করেছেন। রেহমান সোবহান আরও বলেছেন, ‘দেশের মানুষ পাগলের মতো শেয়ারবাজারে ছুটে গেছে। বাজারের আয়-অনুপাতের সঙ্গে যার কোনো সম্পর্ক নেই। লাভের পেছনে ছুটতে গিয়ে আজকের এই পরিণতি হয়েছে।’ সিপিডি আয়োজিত ‘প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি ও মুদ্রানীতি: ২০১১ অর্থবছরে বাংলাদেশের চ্যালেঞ্জ’ শীর্ষক সংলাপে সভাপতির বক্তব্যে রেহমান সোবহান গতকাল রোববার এসব কথা বলেন। রাজধানীর সিরডাপ মিলনায়তনে এই সংলাপের আয়োজন করা হয়। রেহমান সোবহান বলেন, দেশে সঞ্চয় ও বিনিয়োগের মধ্যে বড় ব্যবধান আছে। দেশের মানুষের কাছে বিনিয়োগযোগ্য অতিরিক্ত অর্থ প্রকৃত বিনিয়োগে যেতে পারত পুঁজিবাজারের মাধ্যমে। কিন্তু দুঃখের বিষয়, পুঁজিবাজারে বিনিয়োগ বলতে যা বোঝায়, তা এখানে হচ্ছে না। রেহমান সোবহান ব্যাখ্যা করে বলেন, সঞ্চিত অর্থ পুঁজিবাজারে বিনিয়োগ করে কোম্পানির লভ্যাংশ আয় করার মানসিকতা কারোর নেই। সবাই ছুটছে অতি দ্রুত শেয়ার বেচাকেনা করে লাভ পাওয়ার পেছনে। প্রাথমিক শেয়ারও (আইপিও) অতি মূল্যায়িত হয়ে বাজারে এসেছে, এটা কাঙ্ক্ষিত হতে পারে না। সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। তিনি বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি উন্নয়ন ও প্রবৃদ্ধিসহায়ক। মুদ্রানীতি আমাদের নিজস্ব, আমরা এর মালিক। এটা স্বদেশি মুদ্রানীতি, আমরা এর কৌশলগত পরিকল্পনা করে তৈরি করেছি।’ গভর্নর আশা প্রকাশ করে বলেন, বাজেটে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির যে প্রক্ষেপণ করা হয়েছে, বাস্তবে প্রবৃদ্ধি তার চেয়ে বেশি হবে। তিনি ঘোষণা দেন, ‘বাংলাদেশ ব্যাংক যেকোনো মূল্যে দেশের আর্থিক শৃঙ্খলা বজায় রাখবে।’ আতিউর রহমান বলেন, ‘প্রকৃত ও আর্থিক অর্থনীতি একযোগে হাঁটুক, সেটাই আমরা চাই। সেই সংকেত আমরা দিয়েছি।’ তাঁর মতে, নিজস্ব মূলধনের ওপর ভিত্তি করে বাজারকে এগোতে হবে। সরকার শেয়ারবাজার নিয়ে যে তদন্ত কমিটি করেছে, তার প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, কেন্দ্রীয় ব্যাংকের জানুয়ারি-জুন সময়কালে মুদ্রানীতির লক্ষ্যমাত্রার সঙ্গে প্রকৃত অবস্থার বড় পার্থক্য রয়েছে। বাংলাদেশ ব্যাংকের উচিত খাতভিত্তিক ঋণের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ঠিক করে তার বাস্তবায়ন নিশ্চিত করা। মির্জ্জা আজিজ আরও বলেন, বিশ্ব খাদ্য সংস্থা (এফএও) জানুয়ারি মাসে খাদ্যমূল্যের যে সূচক প্রকাশ করেছে, তা এযাবৎকালের মধ্যে সর্বোচ্চ। আবার বর্তমানে বাংলাদেশের মুদ্রা টাকার মূল্যমান কমতির দিকে। ফলে বাড়বে আমদানি-ব্যয়। এ রকম পরিস্থিতিতে গড় মূল্যস্ফীতির হার ৭ শতাংশের মধ্যে থাকবে বলে মনে হয় না। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ বলেন, স্বকীয়ভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেন্দ্রীয় ব্যাংকের থাকতে হবে। এই স্বাধীনতা বাংলাদেশ ব্যাংক ভোগ করতে না পারলে আর্থিক খাত ক্ষতিগ্রস্ত হতে পারে। সালেহউদ্দিন আহমেদ বলেন, যেকোনো আর্থিক সংকটের পেছনেই একটা বুদ্বুদ বা বাবলস থাকে—হোক তা ঋণবাজার কিংবা শেয়ারবাজার। তিনি বলেন, ‘আমাদের দেশে শেয়ারবাজারে এক ধরনের বাবলস দেখা গেছে। আমার ভয় হয়, এই বাবলস গোটা আর্থিক খাতেই না ছড়িয়ে পড়ে।’সংলাপে উত্থাপিত কিছু আলোচনা ও প্রশ্নের ব্যাখ্যা দেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকী ও ঊর্ধ্বতন পরামর্শক আল্লাহ মালিক কাজেমী। জিয়াউল হাসান সিদ্দিকী বলেন, অনেকেই মুদ্রানীতিকে সংকোচনমূলক বললেও বিষয়টি তা নয়। কেননা, মূল্যস্ফীতি ৬ শতাংশ ও প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬ দশমিক ৭ শতাংশ যোগ করলে হয় ১৩ দশমিক ৭ শতাংশ। আর মুদ্রানীতিতে আগামী জুন শেষে মুদ্রা সরবরাহ প্রক্ষেপণ করা হয়েছে ১৫ দশমিক ২ শতাংশ। ফলে মুদ্রানীতিকে সংকুলানমূলক বলা যায়।অক্টোবরে বার্ষিক গড় মূল্যস্ফীতির হার ৮ দশমিক ১৪ শতাংশ ছিল উল্লেখ করে ডেপুটি গভর্নর বলেন, মুদ্রা সরবরাহের প্রবাহ টেনে ধরার কোনো বিকল্প আর থাকেনি। আল্লাহ মালিক কাজেমী বলেন, দেশে বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ রয়েছে, তা লেনদেনের ভারসাম্য (বিওপি) সামাল দেওয়ার জন্য যথেষ্ট। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে যে ঋণের জন্য আলোচনা চলছে, তা শুধু বিওপির জন্যই নয়। সরকার উচ্চ প্রবৃদ্ধির জন্য বাজেট-সহায়তা হিসেবে কম সুদে বৈদেশিক ঋণ নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছে কিংবা বিদেশি বিনিয়োগ আকর্ষণের চেষ্টা করছে বলে তিনি অভিমত দেন।সিপিডির নির্বাহী পরিচালক অধ্যাপক মোস্তাফিজুর রহমান অর্থনীতির ওপর সংস্থার বিশ্লেষণ উপস্থাপন করেন। তিনি বলেন, স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে সাম্প্রতিক যে প্রবণতা দেখা যাচ্ছে, তাতে শিগগির মূল্যস্ফীতির চাপ কমে আসার কোনো সম্ভাবনা দেখা যায় না। পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান মনসুর বলেন, শেয়ারবাজারে মূল্য সংশোধন হবে, এটা স্বাভাবিক। তবে খেয়াল রাখতে হবে, শেয়ারবাজারের এই পরিস্থিতিকে সামলে নিতে গিয়ে যেন প্রকৃত অর্থনীতিকে ঝামেলায় না ফেলা হয়। তিনি বলেন, ‘দুশ্চিন্তার বিষয় হলো, আমরা স্বল্পমেয়াদি অর্থনৈতিক ব্যবস্থাপনার ওপর বেশি গুরুত্ব দিচ্ছি। শুধু চলতি অর্থবছরে ৬ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়, টেকসই প্রবৃদ্ধিই আমাদের বড় চ্যালেঞ্জ।’ বাংলাদেশে বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ সঞ্জয় কাঠুরিয়া বলেন, বাংলাদেশে সঞ্চয়ের তুলনায় বিনিয়োগ অনেক কম। এটি খুবই ব্যতিক্রমধর্মী। বাংলাদেশে দীর্ঘমেয়াদি বিনিয়োগের পথে বড় প্রতিবন্ধকতা হলো জ্বালানিসংকট ও জমির অভাব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু আহমেদ বলেন, পুঁজিবাজার ব্যাংকের আয়ের মূল উৎস হতে পারে না। আন্তর্জাতিক শ্রম সংস্থার সাবেক উপদেষ্টা রিজওয়ানুল ইসলাম বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধির একটা সামাজিক চেহারা থাকতে হবে এবং মুদ্রানীতির সেদিকেই গুরুত্ব দেওয়া উচিত।