শেয়ারবাজারগুলোতে মূল্যসূচকের পতন
বছরের প্রথম কর্মদিবস গত রোববার দেশের পুঁজিবাজারগুলো সাধারণ মূল্যসূচক বৃদ্ধির মধ্য দিয়ে শুরু হয়েছিল। কিন্তু দ্বিতীয় কর্মদিবসে আবার ধাক্কা খেয়েছে। গতকাল সোমবার দেশের পুঁজিবাজারে মূল্যসূচক ও লেনদেন দুই-ই হ্রাস পেয়েছে। ব্যাংক, বিমা, লিজিং ও আর্থিক, মিউচুয়াল ফান্ড, জ্বালানি, সিমেন্ট খাতের বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর কমেছে।পুঁজিবাজারের বর্তমান অবস্থাকে বাজার বিশ্লেষকেরা স্বাভাবিক অবস্থা বললেও সাধারণ বিনিয়োগকারীরা এটা মানতে নারাজ। সাধারণ বিনিয়োগকারীদের মতে, তারল্যসংকটের কারণে ডিসেম্বর মাসে বাজারে বড় ধরনের দরপতন ঘটেছিল। তার পরও ভালো মৌলভিত্তির শেয়ার ব্যাংকগুলোর দর বেড়েছিল। কিন্তু ব্যাংকগুলো প্রত্যাশার চেয়েও বেশি পরিমাণ পরিচালন মুনাফা করার পরও অস্বাভাবিকভাবে দাম কমেছে। এটা কারও কারসাজি কি না, তাঁরা নিয়ন্ত্রক সংস্থা এসইসিকে খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন।অন্যদিকে বেশকিছু বিনিয়োগকারী জানিয়েছেন, বাজারে তারল্যসংকটের অজুহাতে অনেক মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউস এসইসির নির্দেশমতো ঋণসুবিধা দিচ্ছে না। অনেকে এসইসির নির্দেশ তো মানেইনি, উল্টো ঋণসুবিধার পরিমাণ কমিয়ে দিয়েছে। ফলে অর্থের অভাবে অনেকেই শেয়ার কিনতে পারছেন না। শেয়ারবাজার-পরিস্থিতি স্বাভাবিক করার জন্য অর্থের জোগান বাড়ানোর তাগিদ দিয়েছেন তাঁরা।ডিএসইর সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক সালাহউদ্দিন আহমেদ খান বলেন, কয়েক দিন অব্যাহতভাবে চাঙাভাবের পর আজ স্বাভাবিক মূল্য সংশোধন হয়েছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।গতকাল ডিএসইতে লেনদেনের শুরুতেই ধীরগতি লক্ষ করা গেছে। এ ছাড়া সারা দিনই সূচকের নিম্নমুখী প্রবণতা লক্ষ করা গেছে, যা শেষ পর্যন্ত অব্যাহত ছিল। দিনের শেষে সাধারণ মূল্যসূচক প্রায় ১২০ পয়েন্ট কমে দাঁড়ায় ৮ হাজার ১৮৫ পয়েন্টে। এ ছাড়া এ দিন লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে ২৪০ কোটি টাকা কমেছে। গতকাল ডিএসইতে মোট এক হাজার ৩৭২ কোটি টাকার লেনদেন হয়েছে। আগের দিনের লেনদেনের পরিমাণ ছিল এক হাজার ৬১২ কোটি টাকা।এদিকে আজ ডিএসইতে লেনদেন হওয়া ২৪৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৬টির, কমেছে ১৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে মোট তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।চট্টগ্রাম শেয়ারবাজার: গতকাল সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ঢাকার মতোই মূল্যসূচক ও লেনদেন দুই-ই কমেছে। দিনের শুরুতে লেনদেনে কিছুটা স্বাভাবিক গতি দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমতে শুরু করে। দিনের শেষে মূল্যসূচক ৩০২ পয়েন্ট কমে দাঁড়ায় ২৩ হাজার ১৮৮ পয়েন্টে।গতকাল সিএসইতে লেনদেন হওয়া ১৯০টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম বাড়ে ৩৬টির, কমে ১৫২টির এবং অপরিবর্তিত ছিল দুটি প্রতিষ্ঠানের। এ দিন ১৫৩ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।