শেয়ারবাজারে অব্যাহত দরপতনে বিক্ষোভ
শেয়ারবাজারে অব্যাহত দরপতনের প্রতিবাদে বিনিয়োগকারীরা দেশের দুই স্টক এক্সচেঞ্জের সামনে বিক্ষোভ করেছেন। বিনিয়োগকারীরা ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনের সড়ক অবরোধ করে আজ সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল চারটা পর্যন্ত বিক্ষোভ করেন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সামনেও বিনিয়োগকারীরা বিক্ষোভ করেছেন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ দুপুর সাড়ে ১২টার দিকে ডিএসইর মূল্যসূচক ৯৭ পয়েন্ট কমে ৬০০০ পয়েন্টের নিচে নেমে গেলে বিনিয়োগকারীদের একটি অংশ রাস্তায় নেমে আসেন। তাঁরা ডিএসইর সামনের সড়কে বিক্ষোভ মিছিল শুরু করেন। একপর্যায়ে বিভিন্ন ব্রোকারেজ হাউস থেকে আরও বিনিয়োগকারীরা এসে মিছিলে যোগ দেন। বিনিয়োগকারীরা ইত্তেফাক মোড় থেকে শাপলা চত্বর সড়কে মিছিল করতে থাকেন। এ সময় কিছু বিনিয়োগকারী টায়ার ও খড়কুটায় অগ্নিসংযোগ করে সড়কে অবরোধ সৃষ্টি করেন। এতে রাস্তার দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা পৌনে দুইটার দিকে কিছু বিনিয়োগকারী ডিএসইর মূল ভবনের ফটক বন্ধ করে দেন। ক্ষুব্ধ বিনিয়োগকারীরা ডিএসইর সভাপতি, অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। মিছিল করার সময় বেশ কিছু বিনিয়োগকারী জুতা প্রদর্শন করেন।শেষ খবর পাওয়া পর্যন্ত বিকেল চারটার দিকে ডিএসইর সামনে বিনিয়োগকারীদের বিক্ষোভ মিছিল শেষ হয়। ডিএসইর সামনের সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।আজ লেনদেনের শুরু থেকেই পুঁজিবাজারে সূচক দ্রুত কমতে থাকে। একপর্যায়ে ডিএসইর সূচক ৬০০০ পয়েন্টের নিচে নেমে আসে। এতে বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডিএসইর সামনে ও মতিঝিল এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক সাধারণ মূল্যসূচক ৯৭.১১ পয়েন্ট কমে ৫৯২০.৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ লেনদেন হওয়া ২৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে ২১৪টিরই দাম কমেছে। বেড়েছে মাত্র ৩৪টির আর অপরিবর্তিত রয়েছে আটটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৩১৪ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৩১ কোটি টাকা বেশি।চট্টগ্রামের ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান প্রথম আলোকে জানান, বিনিয়োগকারীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শন করেছেন।বেলা দেড়টার দিকে বিনিয়োগকারীরা সিএসইর সামনে বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করে। পরে তাঁরা সিএসইর সচিব আহমেদ দাউদের কাছে পাঁচ দফা দাবি-সংবলিত স্মারকলিপি জমা দেন।আজ সিএসইর সার্বিক মূল্যসূচক ৩০৩.২৫ পয়েন্ট কমে ১৬,৭৩৭.১৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৫৭টি প্রতিষ্ঠানের মধ্যে কমেছে ১৭০টির প্রতিষ্ঠানের শেয়ারের দাম, বেড়েছে মাত্র ছয়টির এবং অপরিবর্তিত রয়েছে সাতটি প্রতিষ্ঠানের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৫১ কোটি টাকা লেনদেন হয়েছে।