শেয়ারবাজারে আবার লেনদেন শুরু হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারিগরি সমস্যার কারণে এক দিন বন্ধ থাকার পর গতকাল বুধবার দেশের শেয়ারবাজারে আবারও স্বাভাবিক লেনদেন শুরু হয়েছে। সোমবার লেনদেন শেষে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) সার্ভারে সমস্যা দেখা দেওয়ায় মঙ্গলবার দেশের শেয়ারবাজারে লেনদেন বন্ধ ছিল। মঙ্গলবার দুপুরে কারিগরি এ সমস্যার সমাধান করে সিডিবিএল। ফলে গতকাল স্বাভাবিক লেনদেন পরিচালিত হয়েছে। লেনদেন এক দিন বন্ধ থাকলেও দরপতনের ধারায় রয়ে গেছে শেয়ারবাজার। গতকালও দেশের দুই স্টক এক্সচেঞ্জে দরপতন ঘটেছে। এ নিয়ে একটানা তিনদিন বাজারে দরপতন ঘটল। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক গতকাল দিনশেষে প্রায় এক শতাংশ বা ৪১ পয়েন্ট কমেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক কমেছে প্রায় এক শতাংশ বা ১২৪ পয়েন্ট। একই সঙ্গে দুই বাজারে লেনদেনের পরিমাণও কমে গেছে। বুধবার দিনশেষে ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ নেমে এসেছে ২০০ কোটি টাকার নিচে। গত ২২ জুলাইয়ের পর গতকাল ডিএসইতে লেনদেন আবারও ২০০ কোটি টাকার নিচে নেমে এসেছে। বিনিয়োগকারীদের আস্থার সংকটের কারণেই বাজার এমন নিম্নমুখী আচরণ করছে। এমনিতেই দীর্ঘদিন ধরে বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সংকট রয়েছে। সম্প্রতি সে সংকটকে আরও একটু নড়বড়ে করে দিয়েছে তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানির ষান্মাসিক আর্থিক প্রতিবেদন। এসব প্রতিবেদনে মৌলভিত্তির অনেক কোম্পানির আয় আগের চেয়ে কমে গেছে, যা ওইসব কোম্পানির দামের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। বাজার-পরিস্থিতি সম্পর্কে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডের পর্যালোচনা প্রতিবেদনেও ষান্মাসিক হিসেবে বিভিন্ন কোম্পানির আয় কমে যাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক দিনের টানা দরপতনের কারণে বাজারে একধরনের নেতিবাচক অবস্থা বিরাজ করছে। এ কারণে নতুন করে বিনিয়োগের ক্ষেত্রে কিছুটা স্থবিরতা বিরাজ করছে। উল্টো বিনিয়োগকারীরা আরও দরপতনের শঙ্কায় হাতে থাকা শেয়ার বিক্রি করে দিচ্ছেন। ঢাকার বাজারে গতকাল ২৬৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৪৯টিরই দাম কমেছে, বেড়েছে ১০৪টির আর অপরিবর্তিত ছিল ১১টির দাম। দিনশেষে গতকাল ডিএসইর সাধারণ সূচক কমে দাঁড়িয়েছে প্রায় ৪১১৮ পয়েন্টে। গত ১৭ জুলাইয়ের পর ডিএসইর সাধারণ সূচকের এটিই সর্বনিম্ন অবস্থান। সর্বশেষ ১৭ জুলাই সাধারণ সূচক ৪০২৭ পয়েন্টের অবস্থানে ছিল। বুধবার ঢাকার বাজারে প্রায় ২০০ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় ২৫ কোটি টাকা বেশি। চট্টগ্রামের বাজারে গতকাল ১৮২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৩১টিরই দাম কমেছে, বেড়েছে মাত্র ৪১টির আর অপরিবর্তিত ছিল ১০টির দাম। দিনশেষে সিএসইর সার্বিক মূল্যসূচক কমে দাঁড়িয়েছে প্রায় ১২ হাজার ৫৩৩ পয়েন্টে। এদিন চট্টগ্রামের বাজারে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২৪ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে তিন কোটি টাকা কম।