শেয়ারবাজারে আবারও দরপতন
দরপতনের আবর্তে ঘুরছে দেশের শেয়ারবাজার। চার দিন দরপতনের পর গতকাল মঙ্গলবার বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। তবে এক দিন পর আজ বুধবার আবারও দরপতনের ধারায় ফিরে এসেছে বাজার। দিনের লেনদেন শেষে দুই বাজারেই প্রায় সব কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে সূচকের বড় পতন দেখা গেছে বাজারে। একই সঙ্গে লেনদেনও কমেছে দুই স্টক এক্সচেঞ্জে।ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকালের তুলনায় ৭৬ পয়েন্ট কমে ৪৫০২ পয়েন্টে পৌঁছেছে। সকালে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। ১৫ মিনিটে সূচক বেড়েছিল ৫১ পয়েন্ট আর ৪৫ মিনিটে বেড়েছিল ৩৭ পয়েন্ট। এরপর সূচক বাড়ার হার কিছুটা কমে নিম্নমুখী হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।আজ ডিএসইতে মোট ২৭৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২৩৬টিরই দাম কমেছে, বেড়েছে ৩০টির আর অপরিবর্তিত রয়েছে আটটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।স্টক এক্সচেঞ্জটিতে আজ ৬০৮ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২০ কোটি টাকা কম।ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, যমুনা অয়েল, বিএসসিসিএল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ইউনিক হোটেল, মেঘনা পেট্রোলিয়াম, তিতাস গ্যাস, আরএন স্পিনিং, ইউসিবিএল, আমরা টেকনোলজিস প্রভৃতি।অন্যদিকে, দিনের লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ২৫১ পয়েন্ট কমে ১৩৭৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে আজ মোট ১৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭২টিরই দাম কমেছে, বেড়েছে মাত্র ১৬টির আর আর অপরিবর্তিত রয়েছে সাতটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৬৭ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে চার কোটি টাকা কম।