শেয়ারবাজারে আবারও বড় ধরনের দরপতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে গতকাল মঙ্গলবার আবারও বড় ধরনের দরপতন ঘটেছে। দুই দিনের চাঙাভাবের পর গতকাল এই দরপতন হয়েছে। তবে বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা এটিকে ‘মূল্যসংশোধন’ হিসেবে অভিহিত করেছেন। গত রোববার ও সোমবার দুই দিনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক বেড়েছিল ৩৩৯ পয়েন্ট। আর গতকাল এক দিনেই কমেছে ১১২ পয়েন্ট বা ১ দশমিক ৮৭ শতাংশ। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৩৬৮ পয়েন্ট বা ২ দশমিক ১৭ শতাংশ কমেছে। নানামুখী উদ্যোগের ফলে গত বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত টানা তিন দিন ঢাকার বাজারে মূল্যসূচক বেড়েছিল। তবে সোমবারের ধারাবাহিকতায় গতকালও মূল্যসূচকের ঊর্ধ্বগতি দিয়ে লেনদেন শুরু হয়। প্রথম ৩০ মিনিটের মধ্যে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৩৬ পয়েন্ট বেড়ে ছয় হাজার ২৮ পয়েন্টে ওঠে। কিন্তু দুপুর ১২টার পর দরপতন শুরু হয়। লেনদেনের শেষ পর্যন্ত এ ধারা অব্যাহত ছিল। মাঝে কয়েকবার পতন রোধের প্রচেষ্টা সূচকে দেখা গেলেও সেটি আর স্থায়ী হতে পারেনি। ঢাকার বাজারে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৯০ ও চট্টগ্রামের বাজারে ৮৭ শতাংশ কোম্পানির দাম কমেছে। বাজার পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে পুঁজিবাজার বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষক অধ্যাপক আবু আহমেদ প্রথম আলোকে বলেন, ‘নানা খবরে চলতি সপ্তাহের প্রথম দুই দিন শেয়ারের দাম বাড়লেও সেটি বাজারের মৌল ভিত্তি ছিল না। বাজারের ভিত্তি কতটা মজবুত তা দেখতে হলে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে গতকালের দরপতনটি সাধারণ বিনিয়োগকারীদের কাছে মোটেই প্রত্যাশিত ছিল না।’বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গতকাল সকালে ঊর্ধ্বগতি দিয়ে লেনদেন শুরু হওয়ার পর থেকেই বিনিয়োগকারীদের একটি অংশ মুনাফা তুলে নিতে শুরু করে। কারণ গত সপ্তাহের বড় দুটি দরপতনের সময় যাঁরা শেয়ার কিনেছিলেন চলতি সপ্তাহের প্রথম দুই দিনের উল্লম্ফনে তাঁদের সামনে মুনাফা তুলে নেওয়ার একটি সুযোগ তৈরি হয়েছিল। অনেক বিনিয়োগকারী সেই সুযোগ কাজে লাগিয়েছেন। মুনাফা তুলে নেওয়ার প্রবণতা থেকে বাজারে শেয়ারের বিক্রির চাপ বেড়ে যায়। এ ছাড়া বাজারের ওপর এখনো বিনিয়োগকারীদের আস্থা পুরোপুরি ফিরে আসেনি। এসব কারণে দুপুরের পর শুরু হওয়া পতন শেষ পর্যন্ত অব্যাহত ছিল।