শেয়ারবাজারে আরোপিত বিভিন্ন কর কিছুটা কমানোর দাবি ডিএসইর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রোকারেজ হাউসের লেনদেনের ওপর উৎসে আয়করের প্রস্তাবিত হার পুনর্নির্ধারণের দাবি জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। বাজেটে লেনদেনের ওপর উৎসে কর ০.০২৫ শতাংশ থেকে চারগুণ বাড়িয়ে ০.১০ শতাংশ প্রস্তাব করা হয়েছে। ডিএসই বলছে, প্রস্তাবিত এ হার বহাল থাকলে বাজারের অগ্রগতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাই করহার কমিয়ে ০.০৩৫ করার প্রস্তাব করেছে সংস্থাটি। অর্থাৎ, প্রতি এক লাখ টাকার লেনদেনে ৩৫ টাকা কর দেওয়ার পক্ষে তারা। বর্তমানে এক লাখ টাকার লেনদেনের জন্য ২৫ টাকা দিতে হয়।রাজধানীর একটি হোটেলে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে ডিএসইর নেতারা গতকাল শনিবার এ দাবি তুলে ধরেন। এ সময় তাঁরা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার লেনদেন থেকে অর্জিত মূলধনী মুনাফার ওপর কর হার পাঁচ শতাংশে নির্ধারণের দাবি জানান। বাজেটে এ হার ১০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য তুলে ধরেন ডিএসইর সভাপতি শাকিল রিজভী। এ সময় প্রতিষ্ঠানটির সাবেক সভাপতি ও পরিচালক রকিবুর রহমান, পরিচালক সাইফুল ইসলাম, ফিরোজ খান, শরীফ আতাউর রহমান, লাইলুন নাহার একরাম, মাসুদুল হক, সাবেক পরিচালক আবদুল হক ও মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আরিফ খান উপস্থিত ছিলেন। শাকিল রিজভী বলেন, প্রস্তাবিত বাজেটে চলতি অর্থবছরের মতো পুঁজিবাজারবান্ধব অনেক প্রস্তাবনা রয়েছে। দেশের পুঁজিবাজার সম্প্রসারণ ও গতিশীলতা অর্জনের ক্ষেত্রে যা সময়োপযোগী ভূমিকা রাখবে। এ সময় তিনি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব খোলার জন্য করদাতা শনাক্তকরণ নম্বর বাধ্যতামূলক না করা এবং ব্যক্তি বিনিয়োগকারীদের শেয়ার লেনদেন থেকে অর্জিত মুনাফা করমুক্ত রাখায় অর্থমন্ত্রীকে স্বাগত জানান। তবে ব্রোকারেজ হাউসের লেনদেনে উৎসে কর হার বাড়ানোর সমালোচনা করেন ডিএসই সভাপতি। তিনি বলেন, প্রস্তাবিত হারে লেনদেনের ওপর উৎসে কর বাড়ানো হলে চূড়ান্ত অর্থে তা সাধারণ বিনিয়োগকারীদের ওপর গিয়েই পড়বে। কারণ ব্রোকারেজ হাউসগুলো বাড়তি খরচ মেটানোর জন্য গ্রাহকদের কাছ থেকে বেশি হারে লেনদেন মাশুল নেবে। ফলে ক্ষুদ্র বিনিয়োগকারীদের লেনদেন-খরচ বাড়বে। শাকিল রিজভী বলেন, বর্তমানে ব্রোকারেজ হাউসগুলোতে ডিজিটাল পদ্ধতিতে লেনদেন হওয়ায় উচ্চশিক্ষিত ও মেধাবী ছেলেমেয়ে, বিশেষ করে প্রযুক্তিজ্ঞানসম্পন্ন প্রকৌশলীরাও কাজ করার সুযোগ পাচ্ছেন। সাম্প্রতিক বছরগুলোতে দেশের পুঁজিবাজারে প্রায় ১০ হাজার শিক্ষিত তরুণ-তরুণীর কর্মসংস্থান হয়েছে। কিন্তু লেনদেন কমে গেলে পুঁজিবাজারের মাধ্যমে কর্মসংস্থানের যে সুযোগ সৃষ্টি হয়েছে তা বন্ধ হয়ে যাবে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের লেনদেন থেকে অর্জিত মুনাফার ওপর প্রস্তাবিত করহার কমানো প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের কর দেশে প্রথমবারের মতো প্রবর্তন করা হচ্ছে। তাই মূলধনী মুনাফার ওপর একবারে বেশি হারে করারোপ না করে ধীরে ধীরে বাড়ানো উচিত। সংবাদ সম্মেলনে, অবকাঠামো খাতের উন্নয়নের জন্য ‘বাংলাদেশ অবকাঠামো অর্থায়ন তহবিল’-এর আওতায় গঠিত বন্ডকে পুঁজিবাজারের মাধ্যমে প্রক্রিয়াকরণের অনুরোধ জানানো হয়। উল্লেখ্য, এই তহবিলের আওতায় বন্ডে বিনিয়োগের শর্তে ১০ শতাংশ হারে কর দিয়ে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ রাখা হয়েছে প্রস্তাবিত বাজেটে। এ ছাড়া সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) আওতায় বড় বড় প্রকল্পকে পুঁজিবাজারে তালিকাভুক্তি বাধ্যতামূলক করে বিধান করার দাবি জানিয়েছে ডিএসই। রকিবুর রহমান বলেন, প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী ২৬টি রাষ্ট্রায়ত্ত কোম্পানির শেয়ার বিক্রির কথা বলেছেন। কিন্তু এ ব্যাপারে কোনো অগ্রগতি নেই। অথচ সরকার চাইলে এসব কোম্পানির শেয়ার বিক্রি করে বাজার থেকে ১৫ হাজার কোটি টাকা সংগ্রহ করতে পারে। আর এর মাধ্যমে বাজেটের যে পাঁচ শতাংশ ঘাটতি রয়েছে তা তিন শতাংশে কমিয়ে আনা সম্ভব।