শেয়ারবাজারে আসছে ফার ইস্ট নিটিং
দেশের শেয়ারবাজারে আসছে নিট পোশাক খাতের প্রতিষ্ঠান ফার ইস্ট নিটিং অ্যান্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বুক বিল্ডিং পদ্ধতিতে কোম্পানিটি বাজারে তিন কোটি শেয়ার ছেড়ে প্রায় ১৫০ কোটি টাকা সংগ্রহের উদ্যোগ নিয়েছে।তবে শেষ পর্যন্ত কোম্পানিটি বাজার থেকে কত কোটি টাকা সংগ্রহ করতে পারবে, তা নির্ভর করছে এটির চূড়ান্ত নির্দেশক দামের ওপর। কোম্পানিটি প্রাথমিকভাবে তাদের প্রতিটি শেয়ারের নির্দেশক দাম ঠিক করেছে ৫০ টাকা।নিয়ম অনুযায়ী, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এ নির্দেশক দামকে ভিত্তি ধরে তাদের নিজেদের দাম প্রস্তাব করবে। তাদের প্রস্তাবিত দামের গড়ের ভিত্তিতে নির্দেশক দাম চূড়ান্ত করে তা বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) অনুমোদনের জন্য জমা দেওয়া হবে। এসইসির অনুমোদনের পর শুরু হবে প্রাতিষ্ঠানিক দরপ্রস্তাব-প্রক্রিয়া। তারই অংশ হিসেবে গত রোববার সন্ধ্যায় রাজধানীর শেরাটন হোটেলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়ে গেল কোম্পানিটির রোড শো। তাতে দেশের বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানসহ শেয়ারবাজারের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের প্রতিনিধিরা অংশ নেন। কোম্পানিটির শেয়ারের ইস্যু ব্যবস্থাপক আইডিএলসি ফিন্যান্স লিমিটেডের উদ্যোগে এই রোড শোর আয়োজন করা হয়।আইডিএলসি সূত্র জানায়, গতকাল সোমবার থেকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নির্দেশক দরপ্রস্তাবের প্রক্রিয়া শুরু হয়েছে। চলতি সপ্তাহের শেষ কার্যদিবস পর্যন্ত তা চলবে। এ প্রক্রিয়া শেষে চলতি মাসের মধ্যে কোম্পানিটির শেয়ার ছাড়ার আবেদন এসইসিতে জমা দেওয়া হবে।