শেয়ারবাজারে ঋণসুবিধা বাড়াল এসইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পুঁজিবাজারে দরপতন অব্যাহত রয়েছে। প্রতিদিনই কমছে সূচক ও লেনদেনের পরিমাণ। ফলে পুঁজি হারানোর আশঙ্কা পেয়ে বসেছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের।এ রকম পরিস্থিতিতে শেয়ারবাজার-সংক্রান্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) একটি প্রস্তাবকে কেন্দ্র করে গতকাল সোমবার বড় ধরনের ধসের আতঙ্ক ছড়িয়ে পড়ে সারা দেশের বিনিয়োগকারীদের মধ্যে। শেষ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তত্পরতায় ধস সামলানো গেলেও সূচকের পতন ঠেকানো যায়নি।এ কারণে রাজধানী ঢাকাসহ দেশের প্রধান প্রধান বিভাগীয় শহরে বিক্ষোভ প্রদর্শন করেছেন বিনিয়োগকারীরা। বিক্ষোভকালে তাঁরা এনবিআরের প্রস্তাব বাতিল, ঋণসুবিধা বাড়ানো ও বাজার নিয়ন্ত্রণের নামে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) ঘন ঘন হস্তক্ষেপ বন্ধ করার দাবি জানান। দিনশেষে অবশ্য বিনিয়োগকারীদের দাবির পরিপ্রেক্ষিতে ঋণসুবিধা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এসইসি।ঋণসুবিধা বাড়ল: মাত্র দেড় মাসের ব্যবধানে মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলোর ঋণ দেওয়ার ক্ষমতা আবার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এসইসি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী শেয়ারের বিপরীতে ঋণ প্রদানকারী এসব প্রতিষ্ঠান তাদের গ্রাহকদের মূলধনের সর্বোচ্চ দেড় গুণ বা ১: ১.৫ হারে ঋণ দিতে পারবে।অর্থাত্ কোনো বিনিয়োগকারীর নিজস্ব মূলধন এক লাখ টাকা থাকলে শেয়ার কেনার জন্য তাঁকে দেড় লাখ টাকা পর্যন্ত ঋণসুবিধা দেওয়া যাবে। আগামী বৃহস্পতিবার থেকে এ নিয়ম কার্যকর হবে। তবে মিউচ্যুয়াল ফান্ডগুলোর জন্য বর্তমান নিয়মই বলবত্ থাকবে।এসইসির নিজস্ব বাজার পর্যালোচনা কমিটির সভায় গতকাল রোববার বিকেলে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে এসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আনোয়ারুল কবির ভূঁইয়া সাংবাদিকদের বলেন, ‘এর আগে বাজার যখন অতিমূল্যায়িত হয়ে গিয়েছিল, তখন তারল্য প্রবাহ কমাতে ঋণসুবিধা কমানো হয়েছিল। পরিবর্তিত পরিস্থিতে ঋণপ্রবাহ বাড়ানো হলো।’এনবিআরের প্রস্তাব: চলতি অর্থবছরের বাজেটে শেয়ারবাজারে মূলধনি মুনাফা বা ক্যাপিটাল গেইনকে করমুক্ত রাখা হলেও বছরের মাঝামাঝি এসে হঠাত্ করেই নির্দিষ্ট হারে করারোপের প্রস্তাব করে সংস্থাটি। এ প্রস্তাবে শেয়ারবাজারে বিনিয়োগ থেকে বছরে ৭ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত মুনাফার ক্ষেত্রে তিন শতাংশ হারে কর আরোপের কথা বলা হয়েছে। আর ১০ লাখ টাকার বেশি মুনাফার ক্ষেত্রে প্রস্তাব করা হয়েছে পাঁচ শতাংশ কর। তবে মুনাফা সাত লাখ টাকার নিচে হলে তা করমুক্ত থাকবে।এনবিআরের প্রস্তাবে শেয়ারবাজারে বিনিয়োগের জন্য বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব খুলতেও করদাতা শনাক্তকরণ নম্বর (টিন) সনদ দেওয়া বাধ্যতামূলক করার কথা বলা হয়। ইতিমধ্যে যেসব বিও হিসাব খেলা হয়েছে, সেগুলোর বিপরীতেও টিন নম্বর প্রদানের একটি সময়সীমা বেঁধে দেওয়ার কথা বলা হয় এ প্রস্তাবে। গতকাল প্রস্তাবটি মন্ত্রিপরিষদে উত্থাপনের কথা ছিল।জানা গেছে, ডিএসইর সভাপতি রকিবুর রহমান সরকারের শীর্ষ পর্যায়ে যোগাযোগ করে বিষয়টি আটকিয়ে দিতে সমর্থ হন।এ ব্যাপারে পুঁজিবাজার-বিশ্লেষক আবু আহমেদ বলেন, বর্তমানে ২২ লাখ বিও হিসাবধারীর বড় অংশই কেবল আইপিওতে আবেদন করেন। তাঁদের অনেকেরই করযোগ্য আয় নেই। তাই বিও হিসাব খোলার ক্ষেত্রে টিআইএন নম্বর বাধ্যতামূলক করার সিদ্ধান্তটি মারাত্মক ক্ষতি করবে।বাজার পরিস্থিতি: গতকাল লেনদেন শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই দেশের দুই স্টক এক্সচেঞ্জে মূল্যসূচকে বড় ধরনের দরপতন ঘটে। এ সময় প্রথম আধঘণ্টায় ডিএসইর সাধারণ মূল্যসূচক কমে ১৫০ পয়েন্টের বেশি। আর লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে তিনটি ছাড়া বাকি সবগুলোরই দাম কমে যায়।একপর্যায়ে রাস্তায় নেমে আসেন বিনিয়োগকারীরা। পরিস্থিতি আরও খারাপের দিকে মোড় নিতে পারে—এ আশঙ্কায় বেলা সাড়ে ১২টার দিকে ডিএসইর সঙ্গে জরুরি বৈঠকে বসে এসইসি। বৈঠকে বাজারে তারল্য প্রবাহ বাড়াতে ঋণসুবিধা চালু করাসহ এনবিআরের প্রস্তাব নিয়েও আলোচনা হয়।অন্যদিকে বৈঠকের খবর বাজারে ছড়িয়ে পড়লে সূচক ধীরে ধীরে বাড়তে শুরু করে। এর পরও দিনশেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৩৭ পয়েন্ট কমে পাঁচ হাজার ৩৩৮ পয়েন্টে নেমে এসেছে।বিক্ষোভ: প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার দিকে একদল বিনিয়োগকারী ডিএসইর কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। এ সময় তাঁরা স্টক এক্সচেঞ্জের সামনের সড়কটি কিছু সময়ের জন্য অবরোধ করে আগুন ধরিয়ে দেন। পড়ে পুলিশ এসে তাঁদের সরিয়ে দিতে চাইলে ধাক্কাধাক্কি শুরু হয়।প্রথম আলোর চট্টগ্রাম অফিস জানায়, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সামনে গতকাল সোমবার দুপুরে বিক্ষোভ করেছেন সাধারণ বিনিয়োগকারীরা। শুধু কর শনাক্তকরণ নম্বরধারীদের শেয়ারবাজারে বিনিয়োগ এবং লাভের ওপর কর আরোপ করার প্রক্রিয়া শুরুর প্রতিবাদসহ বেশ কিছু দাবিতে এই বিক্ষোভ করেন তাঁরা। ন্যাশনাল ইনভেস্টরস ফোরামের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। বেলা সাড়ে ১২টার দিকে বিনিয়োগকারীরা আগ্রাবাদে স্টক এক্সচেঞ্জের সামনের সড়কে অবস্থান নেন। এ সময় তাঁরা সেখানে বিক্ষোভ মিছিল করেন। একপর্যায়ে মূল সড়কের ওপর অবস্থান নিলে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে তাঁদের সরিয়ে দেয়। বিক্ষোভ শেষে বিনিয়োগকারীরা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন।রাজশাহী প্রতিনিধি জানান, সেখানকার ক্ষুদ্র বিনিয়োগকারীরাও বিক্ষোভ প্রদর্শন করেছেন। এ সময় লেনদেন ৩০ মিনিটের মতো বন্ধ ছিল।