শেয়ারবাজারে এক দিন পর মূল্যসূচকের পতন
আগের দিনের ঊর্ধ্বগতির পর গতকাল দেশের দুই শেয়ারবাজারে মূল্যসূচক খানিকটা কমেছে। তবে লেনদেন সামান্য কমেছে ঢাকায়, বেড়েছে চট্টগ্রামের বাজারে।প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক এদিন প্রায় ২২ পয়েন্ট কমেছে। এতে ডিএসইর সাধারণ সূচক আবারও সাড়ে পাঁচ হাজার পয়েন্টের নিচে নেমে গেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক এদিন ১১ পয়েন্ট কমেছে।মূল্যসূচকের ঊর্ধ্বগতি দিয়েই গতকাল ঢাকার বাজারে লেনদেন শুরু হয়। প্রথম ১০ মিনিটের মধ্যেই এ বাজারের সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ৮০ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৫৮২ পয়েন্টে ওঠে। এরপর বাজারে শেয়ার বিক্রির চাপ বাড়তে থাকলে মূল্যসূচকও ক্রমান্বয়ে কমতে থাকে, যা লেনদেনের শেষ ঘণ্টায় ঋণাত্মক অবস্থানে চলে যায়। বিশেষ করে ব্যাংকিং খাতের লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দরপতন ডিএসইর সাধারণ মূল্যসূচকের ঋণাত্মক অবস্থানে নেমে যাওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছে। বাজার পরিস্থিতি সম্পর্কে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেডের গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতার কারণেই মূলত সূচক কমেছে। বিশেষ করে ব্যাংকিং খাতের কোম্পানিগুলোর দর সংশোধনের প্রভাবই সূচকের ওপর বেশি পড়েছে।ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিনিয়োগকারীরা মুনাফা তুলে নিলেও এর একটি অংশ আবার বাজারে পুনর্বিনিয়োগ করছে। এর ফলে লেনদেনে খুব বেশি তারতম্য ঘটছে না।ঢাকার বাজারে গতকাল ২৬৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। দিন শেষে ডিএসইর সাধারণ সূচক কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৪৮০ পয়েন্টে, যা আগের দিন মঙ্গলবার বেড়ে সাড়ে পাঁচ হাজার পয়েন্ট ছাড়িয়ে গিয়েছিল। বুধবার ঢাকার বাজারে প্রায় ৯৯২ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় ২২ কোটি টাকা কম।অন্যদিকে চট্টগ্রামের বাজারের সার্বিক মূল্যসূচক গতকাল দিন শেষে কমে দাঁড়িয়েছে প্রায় ১৫ হাজার ৯৭৫ পয়েন্টে। এদিন সিএসইতে ১৯৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। দিন শেষে সিএসইতে প্রায় ৯০ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ছয় কোটি টাকা বেশি।পদ্মা ইসলামী লাইফ ইনস্যুরেন্সের লেনদেন শুরু: গতকাল শেয়ারবাজারে লেনদেন শুরু হয়েছে জীবন বিমা খাতের আরেক কোম্পানি পদ্মা ইসলামী লাইফ ইনস্যুরেন্সের শেয়ারের। নতুন তালিকাভুক্ত এই কোম্পানির ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের দাম প্রথম দিনে প্রায় ১৫৩ টাকা বেড়েছে।নিয়ম অনুযায়ী, তালিকাভুক্ত নতুন কোম্পানি হিসেবে সাধারণ বিনিয়োগকারীরা ৩০ কার্যদিবস এই শেয়ারের বিপরীতে কোনো ধরনের ঋণসুবিধা পাবেন না।পদ্মা ইসলামী লাইফ ইনস্যুরেন্সের তালিকাভুক্তির সুবাদে প্রধান বাজার ডিএসইতে বর্তমানে বিমা খাতের কোম্পানির সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৫টিতে।