শেয়ারবাজারে কমেছে সূচক ও লেনদেন
সপ্তাহের শেষ কার্যদিবসে আজ বৃহস্পতিবার সূচক ও লেনদেনে নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে দুই বাজারেই সূচকের পতন হয়েছে। একই সঙ্গে কমেছে লেনদেন।আজকের নিম্নমুখী এই প্রবণতাকে স্বাভাবিক মূল্য সংশোধন হিসেবে দেখছেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁরা বলেছেন, টানা তিন দিন ঊর্ধ্বমুখী প্রবণতা থাকায় আজ অনেক বিনিয়োগকারী তাঁদের হাতে থাকা শেয়ার বিক্রি করে মুনাফা তুলেছেন। ফলে বাজারে নিম্নমুখী প্রবণতা দেখা যায়।আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সূচক গতকালের চেয়ে ২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪০৭৯ পয়েন্টে। সকাল সাড়ে ১০টায় সূচক বাড়ার মধ্য দিয়ে ডিএসইতে লেনদেন শুরু হয়। এরপর একাধিকবার ওঠানামার পর নিম্নমুখী হয় সূচক, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।ডিএসইতে আজ ২৮৮টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪৪টির দাম বেড়েছে; কমেছে ১২১টির আর অপরিবর্তিত রয়েছে ২৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এই স্টক এক্সচেঞ্জে ৫৯৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বিএসসিসিএল, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, ইউনিক হোটেল, ইউনাইটেড এয়ার, গোল্ডেন হার্ভেস্ট, মেঘনা পেট্রোলিয়াম, বিএসসি, আমরা টেকনোলজিস, বিইডিএল প্রভৃতি।অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জর (সিএসই) সার্বিক মূল্যসূচক ৬০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২,৬৫৯ পয়েন্টে। সিএসইতে আজ ২০৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৮৭টির দাম বেড়েছে; কমেছে ১০১টির আর অপরিবর্তিত রয়েছে ১৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ এই স্টক এক্সচেঞ্জে ৫৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১২ কোটি টাকা কম।