শেয়ারবাজারে কারসাজিতে জড়িতদের শাস্তি দাবি
শেয়ারবাজারে কারসাজির সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়েছে। বলা হয়েছে, ১৯৯৬ সালের শেয়ার কেলেঙ্কারির পরও তদন্ত করে দোষীদের চিহ্নিত করা হয়েছিল। কিন্তু কাউকে শাস্তির মুখোমুখি করা যায়নি। ওই সময় যদি দোষীদের শাস্তি দেওয়া যেত, তাহলে একই ঘটনার পুনরাবৃত্তি এড়ানো যেত।জাতীয় প্রেসক্লাবে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত ‘পুঁজিবাজারের অস্থিরতা নিয়ে নাগরিক উদ্বেগ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে গতকাল বৃহস্পতিবার বক্তারা এ দাবি করেন। এ সময় তাঁরা বলেন, শেয়ারবাজারের অস্থিরতার কারণে লাখ লাখ ক্ষুদ্র বিনিয়োগকারী সর্বস্বান্ত হয়ে গেছেন। আর এটি ঘটেছে পুঁজিবাজারের ব্যবস্থাপনা ও তদারকির দুর্বলতার সুযোগে। তাই ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে বাজারব্যবস্থায় সুশাসন নিশ্চিত করতে হবে। সুজনের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) জ্যেষ্ঠ গবেষক খন্দকার গোলাম মোয়াজ্জেম। প্রবন্ধে বাজারের সাম্প্রতিক অস্থিরতার বিভিন্ন কারণ উল্লেখ করে পুঁজিবাজারের সংস্কার ও উন্নয়ন বিষয়ে বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয়। এর মধ্যে আছে: সুপারিশগুলো হলো: পুঁজিবাজারে স্বল্পমেয়াদি লেনদেন নিরুৎসাহিত করা; নিয়ন্ত্রক সংস্থা এসইসিতে আইনজীবী, সনদপ্রাপ্ত হিসাব নিরীক্ষক নিয়োগ; বাজার পর্যবেক্ষণ ও তদারকি ব্যবস্থা শক্তিশালী করা ইত্যাদি। এ ছাড়া তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর সুপারিশ করা হয় প্রবন্ধে। আলোচনায় অংশ নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও এসইসির সাবেক চেয়ারম্যান এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, ‘ সূচক যেভাবে বাড়ছিল বা বাজার যেভাবে ঊর্ধ্বমুখী হচ্ছিল, তাতে সূচকের পতন অনিবার্য ছিল। তাই সূচকের পতনের কারণে বিলাপ করাটা ঠিক নয়।’ মির্জ্জা আজিজুল ইসলাম আরও বলেন, এতে করে অনেক বিনিয়োগকারী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে মনে রাখতে হবে, এটাও শেয়ারবাজারের অনিবার্য পরিণতি। মির্জ্জা আজিজের মতে, এসইসির কেবল লোকবল বাড়ালেই হবে না। নিয়োগ পাওয়া ব্যক্তিদের দক্ষতা, সততা ও নতজানু হয়ে কাজ না করার মানসিকতার ওপরও অনেক কিছু নির্ভর করে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার সময় বা ফারুক আহমেদ সিদ্দিকীর সময় এসইসির যে ক্ষমতা ছিল, এখনো তা-ই রয়েছে। কিন্তু এসইসি সম্পর্কে আজকে যে কথাগুলো উঠছে, তখন সেগুলো ওঠেনি।’ বিনিয়োগকারীদের উদ্দেশে মির্জ্জা আজিজ বলেন, ‘দিনশেষে লাভ হলে আপনার, আবার ক্ষতি হলেও আপনার। কাউকে দোষ দিয়ে লাভ হবে না। ঘরের দরজা খুলে ঘুমালে চুরি হলে পুলিশকে দোষ দিয়ে লাভ হবে না।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা সালাহউদ্দিন আহমেদ খান বলেন, শেয়ারবাজারে সাম্প্রতিক বিপর্যয়ের পেছনে সরকারি নীতির দায় আছে। বাজার যেভাবে বেড়েছে, সেভাবে শেয়ারের সরবরাহ বাড়েনি। অন্যদিকে শেয়ারের ঘাটতির সুযোগ নিয়ে অনেক কোম্পানি অতিমূল্যে শেয়ার বিক্রি করেছে। আবু আহমেদ বুক বিল্ডিং পদ্ধতির সমালোচনা করে বলেন, এ পদ্ধতি এখন ওয়েলথ বিল্ডিং বা সম্পদ বাড়ানোর হাতিয়ার হিসেবে কাজ করছে। এ পদ্ধতিটির সংস্কার দরকার। বাংলাদেশ ফান্ড গঠন নিয়ে আইএমএফের সমালোচনা প্রসঙ্গে আবু আহমেদ বলেন, তারা বাংলাদেশ ও শ্রীলঙ্কায় এসব কথা বলে। কিন্তু যুক্তরাষ্ট্রে গিয়ে বলে না। বারাক ওবামা যখন ওয়ালস্ট্রিটে ডলার দিয়ে সয়লাব করে দিলেন, তখন তারা সেখানে যায় না। বদিউল আলম মজুমদার বলেন, অতীতেও কারসাজি হয়েছে, কিন্তু কারও বিচার হয়নি। এ জন্য কারসাজির নায়কেরা উৎসাহিত হচ্ছেন। বাজার বিশেষজ্ঞ সৈয়দ মাহবুব রশীদ বলেন, কতটা বিনিয়োগ আর কতটা ফাটকাবাজি হয়েছে, তা দেখা দরকার।