শেয়ারবাজারে কারসাজির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে। অন্যথায় ’৯৬ সালের শেয়ার কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের মতো পার পেয়ে যাবে তারা। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত ‘পুঁজিবাজারের অস্থিরতা নিয়ে নাগরিক উদ্বেগ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এ দাবি করেন।আলোচনায় অংশ নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, ‘সম্প্রতি শেয়ারবাজারে সূচক পড়ে গেছে, তাই আমরা বিলাপ করছি। এ ক্ষেত্রে আমাদের দেখতে হবে সূচক পড়া প্রয়োজন ছিল কি না। কিন্তু সূচক যেভাবে বাড়ছিল বা বাজার যেভাবে ঊর্ধ্বমুখী হচ্ছিল, তা ছিল উদ্বেগের কারণ। আমরা বারবার সূচক পড়ার বা দরপতনের ব্যাপারে আলোচনা করেছি।’ তাঁর মতে, তড়িত্ গতিতে লাভ ও একই গতিতে ক্ষতি হতে পারে—এটাই শেয়ারবাজারের নিয়ম। তবে বেশি উল্লম্ফন ও বেশি যেন না কমে, সেদিকে খেয়াল অবশ্যই রাখতে হবে।এ ক্ষেত্রে করণীয় সম্পর্কে তিনি বলেন, এরই মধ্যে বাংলাদেশ ফান্ড নামে পাঁচ হাজার কোটি টাকার একটি ওপেন অ্যান্ড মিউচুয়াল ফান্ড গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা বিনিয়োগকারীদের আস্থাহীনতা কাটাতে সাহায্য করবে। এ ছাড়া নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) লোকবল নিয়োগ ও নিয়োগ দেওয়া ব্যক্তিদের দক্ষতা, সততা ও নতজানু হয়ে কাজ না করার মানসিকতা থাকতে হবে বলে তিনি মন্তব্য করেন। বাজারে তারল্যসংকট কাটাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ এবং গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে আইন করা দরকার বলে মত দেন তিনি।ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবু আহমেদ বুক বিল্ডিং পদ্ধতির সমালোচনা করে বলেন, বুক বিল্ডিং পদ্ধতি এখন ওয়েলথ বিল্ডিং বা সম্পদ গঠন প্রক্রিয়ায় রূপ নিয়েছে। তিনি বলেন, আইন অনুযায়ী বুক বিল্ডিং পদ্ধতিতে বাজারে আসা কোম্পানির মূল্য আয়ের অনুপাত (পিই) ১৫ থেকে ২০ বা ২৫ হলে বাজারের জন্য সহনীয়। তবে এসইসি ৪০ বা তার ওপরে পিই কোম্পানি বাজারে আসার ব্যাপারে ছাড় দিয়েছে। এটা অবশ্যই বাজারের জন্য নেতিবাচক দিক।আবু আহমেদ বলেন, ‘পুঁজিবাজারে কারসাজি তদন্তে এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি শিগগিরই তদন্ত প্রতিবেদন দেবে বলে আশা করছি।’ এই তদন্তে কারসাজির সঙ্গে জড়িত ব্যক্তিরা বেরিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক সালাহউদ্দিন আহমেদ খান বলেন, ‘গত কয়েক বছরে ব্যাংকিং খাতে ঋণ ও আমানতের সংকটের কারণে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ অনেকাংশে কমে গেছে। সুতরাং অর্থনীতির উন্নয়নে ভবিষ্যতে আমাদের শক্তিশালী পুঁজিবাজার দরকার হবে।’শেয়ারবাজারে সাম্প্রতিক বিপর্যয়ের পেছনে সরকারি নীতিমালায় দোষ রয়েছে। সুতরাং যথাসময়ে পর্যাপ্ত পদক্ষেপ না নেওয়ায় এ ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে বলে মনে করেন সালাহউদ্দিন আহমেদ খান। এ সময় তিনি এসইসির কর্মকর্তাদেরও সমালোচনা করেন তিনি। এ ছাড়া পর্যাপ্ত বাজার তত্ত্বাবধানের অভাব, নীতিগত ও পরিচালনাগত সমস্যা ছিল বলে মনে করেন তিনি। এ ক্ষেত্রে সামগ্রিক কাঠামোগত পরিবর্তন করা দরকার বলে মনে করেন তিনি।অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করা সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ‘শাসক শ্রেণীর কারসাজির ফলে শেয়ারবাজারে অস্থিরতা বিরাজ করছে। ফলে কয়েক লাখ বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান পরিস্থিতিতে বিষয়টি দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই জনগণের পক্ষে কথা বলার জন্য আমাদের এই গোলটেবিল বৈঠক।’অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খন্দকার গোলাম মোয়াজ্জেম।