শেয়ারবাজারে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের চূড়ান্ত তালিকা করা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে ২০১০-১১ ধসে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের একটি তালিকা চূড়ান্ত করা হচ্ছে। ৩০ এপ্রিলের মধ্যে চূড়ান্ত এই তালিকা নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) জমা দেওয়া হবে।এ লক্ষ্যে গতকাল সভা করেছে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য বিশেষ স্কিম প্রণয়নে গঠিত কমিটির সদস্যরা। সভা শেষে কমিটির প্রধান ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফায়েকুজ্জামান এ তথ্য জানিয়েছেন।মোহাম্মদ ফায়েকুজ্জামান বলেন, ‘এরই মধ্যে শেয়ারবাজারে কার্যক্রম পরিচালনাকারী সব ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকের কাছ থেকে ক্ষতিগ্রস্তদের তথ্য সংগ্রহ করা হয়েছে। এসব তথ্য যাচাই-বাছাই করে তালিকা চূড়ান্ত করে ৩০ এপ্রিলের মধ্যে তা এসইসিতে জমা দেওয়া হবে।’ফায়েকুজ্জামান আরও বলেন, ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীরা আইপিওতে বরাদ্দকৃত কোটা-সুবিধা পেতে চাইলে তাঁদের কেবল ক্ষতিগ্রস্ত কোটায় আবেদন করতে হবে। কোনো বিনিয়োগকারী একই সঙ্গে সাধারণ ও কোটা-সুবিধা নিতে পারবেন না।শেয়ারবাজারের সাম্প্রতিক ধসে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য সরকার ৫ মার্চ সুদ মওকুফ ও আইপিওতে কোটা সংরক্ষণ সুবিধা প্রচলনের ঘোষণা দেয়। ঘোষণায় বলা হয়েছে, শেয়ারবাজারে সর্বোচ্চ ১০ লাখ টাকা নিজস্ব অর্থ বিনিয়োগ করে এর বিপরীতে যাঁরা ঋণসুবিধা নিয়েছেন, তাঁদের এক বছরের সুদের ৫০ শতাংশ মওকুফ করা হবে। আর ঋণগ্রস্ত বা ঋণগ্রস্ত নন উভয় ধরনের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী আইপিও কোটা-সুবিধা পাবেন। ২০১২ ও ২০১৩ সালে ইস্যু হওয়া সব আইপিওতে তাঁদের জন্য ২০ শতাংশ কোটা সংরক্ষণ করা হবে।২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১১ সালের নভেম্বর পর্যন্ত সময়ে ঋণ নিয়ে কিংবা ঋণ না নিয়ে সম্পূর্ণ নিজের টাকায় যাঁরা শেয়ারবাজারে বিনিয়োগ করেছেন, তাঁদের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী হিসেবে চিহ্নিত করেছে স্কিম কমিটি।