শেয়ারবাজারে খরচ কমাতে ডিএসইর নির্দেশনা আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেয়ারবাজারে লেনদেনের খরচ ৫ পয়সা কমছে। এ ব্যাপারে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ আজ রোববার নির্দেশনা জারি করবে। এরই মধ্যে এ সংক্রান্ত সরকারি গেজেট জারি করা হয়েছে। ডিএসইর সভাপতি শাকিল রিজভী গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘গত বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেলে আমরা লেনদেনের ওপর আরোপিত উৎসে আয়কর কমানোর সরকারি গেজেট হাতে পেয়েছি। ওই দিন থেকেই তা কার্যকরের কথা বলা হয়েছে। কিন্তু গেজেট হাতে পাওয়ার আগেই লেনদেন শেষ হয়ে যাওয়ায় সেটি কার্যকর করা হয়নি। তাই আজ রোববার সকালে এ ব্যাপারে নির্দেশনা দেওয়া হবে।’ এর আগে ১৭ অক্টোবর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ব্রোকারেজ হাউসের লেনদেনের ওপর আরোপিত উৎসে আয়কর ১০ পয়সার পরিবর্তে ৫ পয়সায় নামিয়ে আনার সিদ্ধান্ত নেয়। ওই দিনই এনবিআর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে, যা সরকারি গেজেট আকারে গত বৃহস্পতিবার ডিএসইর হাতে পৌঁছায়।