শেয়ারবাজারে চাঙাভাব অব্যাহত
দেশের পুঁজিবাজারে আজ বুধবারও চাঙাভাব অব্যাহত রয়েছে। সূচক ও লেনদেন বাড়ার পাশাপাশি বেড়েছে বেশির ভাগ শেয়ারের দাম।ডিএসই সূত্রে জানা যায়, চাঙাভাবের মধ্য দিয়ে ডিএসইতে আজ লেনদেন শুরু হয়। শুরুতেই ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ৪১২ পয়েন্ট বেড়ে যায়, যা সারা দিনই অব্যাহত থাকে। দিন শেষে সাধারণ সূচক ৬ দশমিক ৭৩ শতাংশ বা ৪৫৮.৯৩ পয়েন্ট বেড়ে ৭২৮০.০১ পয়েন্টে দাঁড়ায়। আজ ডিএসইতে লেনদেন হওয়া ২৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২২৮টির, কমেছে ২৫টির এবং অপরিবর্তিত রয়েছে মোট তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। ডিএসইতে আজ ৫৮৭ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৩৮০ কোটি টাকা বেশি। গতকাল সেখানে ২০৬ কোটি টাকার লেনদেন হয়।অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক ১১৭৫.৭৩ পয়েন্ট বেড়ে ১৯৬৭৫.২১ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৭৪টির, কমেছে ১৯টির এবং অপরিবর্তিত রয়েছে পাঁচটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ ১০৯ কোটি টকাার লেনদেন হয়েছে।ডিএসই ওয়েবসাইট সূত্রে আজ লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো বেক্সিমকো, তিতাস গ্যাস, এনবিএল, গ্রামীণফোন, বেক্সটেক্স, ইসলামী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, বেক্সিমকো ফার্মা, বৃটিশ আমেরিকান টোব্যাকো ও প্রাইম ব্যাংক।আজ সবচেয়ে বেশি বেড়েছে বিডি ওয়েল্ডিং ইলেক্ট্রডসের শেয়ারের দাম। এ ছাড়া বিজিআইসি, রংপুর ফাউন্ড্রি, আরএন স্পিনিং, অ্যাকটিভ ফাইন, ঢাকা ডাইং, ওসিএল, স্কয়ার টেক্সটাইল, সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড ও উত্তরা ব্যাংক দাম বৃদ্ধিতে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।ডিএসইতে আজ সবচেয়ে বেশি কমেছে অরটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম। এ ছাড়া সমতা লেদার, ঝিল বাংলা, ইসলামী ইনস্যুরেন্স বাংলাদেশ লিমিটেড, ফার্মা এইড, আলহাজ্ব টেক্সটাইল, দেশবন্ধু পলিমার, মুন্নু স্টাফলার, বিএসসি ও শ্যামপুর সুগার মিলস লিমিটেড দাম কমে যাওয়া শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।