শেয়ারবাজারে চার দিন পতনের পর মূল্যসূচক বেড়েছে
দেশের শেয়ারবাজারে গতকাল মঙ্গলবার মূল্যসূচক বেড়েছে। এর ফলে টানা চার দিনের দরপতনের পর বাজারের ধারা ঊর্ধ্বমুখী হলো।দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৯০ শতাংশের দাম বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৮৪ শতাংশের দাম বেড়েছে। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, টানা দরপতনে শেয়ারের দাম যে পর্যায়ে নেমেছে, সেটিই বাজারে নতুন করে বিনিয়োগের ব্যাপারে প্রলুব্ধ করছে। এতে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিশ্রেণীর অনেক বিনিয়োগকারী ধীরে ধীরে বাজারে সক্রিয় হতে শুরু করেছেন। এই অবস্থা অব্যাহত থাকলে বাজার তার নিজ শক্তিতেই স্বাভাবিক আচরণ শুরু করবে। যোগাযোগ করা হলে পুঁজিবাজার বিশ্লেষক ও বেসরকারি ইউনাইটেড বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক মোহাম্মদ মুসা বলেন, বাজারের আচরণ বলছে, কিছুটা গতিময়তা ফিরতে শুরু করেছে। কোনো ধরনের প্রণোদনা বা ঘোষণা দিয়ে এই গতিময়তা ফেরানো না হলে সেটি ক্রমেই স্থায়ী রূপ পাবে। এতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণ খুবই জরুরি। তারা যদি বাজারে সক্রিয় থাকে তাহলে ব্যক্তিশ্রেণীর অনেক নিষ্ক্রিয় বিনিয়োগকারীও সক্রিয় হবেন।মুসা আরও বলেন, অনেক শেয়ারই এখন অবমূল্যায়িত অবস্থায় আছে। তাই বিনিয়োগের জন্য এটিই ভালো সময়। মুসার মতে, বাজারে কয়েক দিন ঊর্ধ্বগতি থাকলেই কিছুটা বিক্রির চাপ তৈরি হবে। কেউ কেউ বাজার থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এ সময় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এগিয়ে এলে সেই চাপ বাজারে খুব বেশি নেতিবাচক প্রভাব ফেলতে পারবে না।মোহাম্মদ মুসা এও বলেন, ‘বাজারের বর্তমান পরিস্থিতি সরকারসহ পুঁজিবাজারসংশ্লিষ্ট সবার উচিত হবে বাজার নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য না করা। কারও মন্তব্য যেন বিনিয়োগকারীদের মধ্যে অতিরিক্ত প্রত্যাশা বা হতাশার জন্ম না দেয়, সেই ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।’গতকাল দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে প্রায় ১৬৯ পয়েন্ট বা ৩ দশমিক ৩৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ২০৫ পয়েন্টে। তবে লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ২৫ কোটি টাকা কমে দাঁড়িয়েছে ২৬৬ কোটি টাকায়।তবে ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ কমলেও চট্টগ্রামে বেড়েছে। গতকাল দিন শেষে সিএসইতে প্রায় ৩৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় চার কোটি টাকা বেশি।