দেশের পুঁজিবাজারে গতকাল মঙ্গলবারও বড় ধরনের দরপতন হয়েছে। এ নিয়ে টানা দুই দিন দরপতন হলো। দুই বাজারে কেবল মূল্যসূচকই কমেনি, লেনদেনের পরিমাণও অনেক কমে গেছে। একই সঙ্গে কমে গেছে বেশির ভাগ শেয়ারের দাম।এদিকে টানা দুই দিন শেয়ারবাজারে বড় ধরনের দরপতনের ঘটনায় পরিস্থিতি সামাল দিতে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গতকাল বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক সূত্রে জানা গেছে, বৈঠকে গভর্নরের সঙ্গে পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বাজারের স্থিতিশীলতা বজায় রাখতে শেয়ারবাজারবান্ধব নীতি গ্রহণের জন্য এসইসির পক্ষ থেকে গভর্নরের কাছে আহ্বান জানানো হয়েছে। তবে ভবিষ্যতে কেন্দ্রীয় ব্যাংক থেকে কোনো নীতি প্রণয়নে বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পুঁজিবাজারের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হবে বলে গভর্নর আশ্বস্ত করেছেন। বাজার পরিস্থিতির উন্নয়নে তিনি সহায়তা দেওয়ার কথাও জানিয়েছেন।ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত দুই দিনে ৩২৪ পয়েন্টের মতো মূল্যসূচক পড়েছে। একই সঙ্গে লেনদেনের পরিমাণ ৪৫৬ কোটি টাকা কমে গেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দুই দিনে মূল্যসূচক ৭৭৩ পয়েন্ট কমে গেছে। এ সময় লেনদেন কমেছে ৭০ কোটি টাকারও বেশি। গতকাল মঙ্গলবার ডিএসইতে সূচক প্রায় ২০৪ পয়েন্ট বা ২ দশমিক ৪৯ শতাংশ কমেছে, আর সিএসইতে কমেছে ৪৭১ পয়েন্ট বা দুই শতাংশের বেশি। বাজার বিশ্লেষকেরা বলেছেন, বাজারে তারল্য-সংকটের কারণে লেনদেন কমায় মূল্যসূচক পড়ে যাচ্ছে। পর্যাপ্ত অর্থ না থাকায় এসইসির নির্দেশনা মোতাবেক কোনো মার্চেন্ট ব্যাংক বা ব্রোকারেজ হাউস গ্রাহকদের মার্জিন ঋণসুবিধা দিতে পারছে না। এসইসি ১:১.৫ অনুপাতে ঋণসুবিধা দিতে বললেও বেশির ভাগ মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউস ১:০.৫ অনুপাতে ঋণসুবিধা দিচ্ছে। অনেকে আবার এর চেয়ে কম ঋণসুবিধা দিচ্ছে। এতে গ্রাহকদের ক্রয়ক্ষমতা কমে যাচ্ছে, যা বাজারে লেনদেন কমার অন্যতম কারণ। অন্যদিকে খোঁজ নিয়ে জানা গেছে, বেশির ভাগ মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউস তারল্য-সংকটে পড়েছে। তারা যেসব উৎস থেকে ঋণ সংগ্রহ করত, সেখান থেকে ঋণসুবিধা পাচ্ছে না। এ কারণে তারা গ্রাহকদের কাঙ্ক্ষিত হারে ঋণ দিতে পারছে না। তারল্যপ্রবাহ বাড়লেই গ্রাহকদের ঋণসুবিধা বাড়াবে বলে তারা জানিয়েছে।বাজার বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, চলতি মাসে আইপিওর মাধ্যমে মবিল যমুনা ও এমআই সিমেন্টের প্রাথমিক শেয়ার পাওয়ার জন্য বিনিয়োগকারীদের একটি বড় অংশ বাজার থেকে অর্থ তুলে নেওয়ার কারণে গতকাল সকাল থেকেই শেয়ার বিক্রির চাপ ছিল অনেক বেশি। এ কারণেই বাজারে বড় ধরনের দরপতন ঘটেছে।ডিএসইতে গতকাল সাধারণ মূল্যসূচক ২০৩ দশমিক ৭৩ পয়েন্ট কমে ৭৯৮০ দশমিক ৯৮ পয়েন্টে এসে দাঁড়ায়। অন্যদিকে সিএসইতে গতকাল মূল্যসূচক ৪৭১ পয়েন্ট কমে ২২ হাজার ৭১৬ পয়েন্টে নেমে আসে।