শেয়ারবাজারে তেজিভাব
দেশের শেয়ারবাজারে লেনদেনে কিছুটা গতি ফিরেছে। পবিত্র রমজানের কারণে লেনদেনের সময়সীমা এক ঘণ্টা কমে যাওয়ার পরও প্রতিদিন লেনদেন একটু একটু করে বেড়েছে। সে সঙ্গে গত দুই দিন সূচকও ঊর্ধ্বমুখী রয়েছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক গতকাল মঙ্গলবার দিন শেষে প্রায় পৌনে ৩ শতাংশ বা ১১৭ পয়েন্ট বেড়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক বেড়েছে প্রায় ২ দশমিক ৬৪ শতাংশ বা ৩৩৭ পয়েন্ট।মূল্যসূচকের ঊর্ধ্বগতি দিয়েই গতকাল ঢাকার বাজারে লেনদেন শুরু হয়। দিনের শেষ পর্যন্ত সূচকের সেই ঊর্ধ্বমুখী ধারা বজায় ছিল। এর ফলে দিন শেষে ডিএসইর সাধারণ সূচক বেড়ে চার হাজার ৩০০ পয়েন্ট ছাড়িয়ে গেছে। ৩ জুলাইয়ের পর ডিএসইর সাধারণ সূচক আবারও চার হাজার ৩০০ পয়েন্টের ওপরে উঠেছে। সর্বশেষ ৩ জুলাই ডিএসইর সাধারণ সূচক ছিল চার হাজার ৩৬১ পয়েন্ট। আর গতকাল দিন শেষে সূচক উঠে এসেছে প্রায় চার হাজার ৩১৯ পয়েন্টে।বাজারের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে বেসরকারি খাতের ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুল বিভাগের শিক্ষক মোহাম্মদ মূসা প্রথম আলোকে বলেন, ‘সাম্প্রতিক সময়ে বেশ কিছু ব্যাংক শেয়ারবাজারে বিনিয়োগের ঘোষণা দিয়েছে। এ খবরে হয়তো কোনো কোনো নিষ্ক্রিয় বিনিয়োগকারী সক্রিয় হয়েছেন। যদিও ব্যাংকগুলো বিনিয়োগ করতে চাইলে ঘোষণা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। এ ছাড়া সম্প্রতি মৌলভিত্তিসম্পন্ন তালিকাভুক্ত বেশ কয়েকটি কোম্পানি লভ্যাংশ ঘোষণা ও আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এসব ঘোষণাও বিনিয়োগকারীদের কিছুটা হলেও বাজারের প্রতি আস্থাশীল করতে সাহায্য করেছে।’ মোহাম্মদ মূসা আরও বলেন, ‘বাজারের শেয়ারের দাম ও সূচক যেখানে নেমেছে তাতে বাজারের ঊর্ধ্বগতিটা প্রত্যাশিত। যখনই বাজার বাড়তে শুরু করেছে তখন নিশ্চুপ বিনিয়োগকারীদের অনেকে আবার সরব হচ্ছেন। এতে করে লেনদেনের পরিমাণও বাড়ছে।’ঢাকার বাজারে গতকাল ২৬৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ৯২ শতাংশ বা ২৪৭টিরই দাম বেড়েছে, কমেছে ১৪টির আর অপরিবর্তিত ছিল সাতটির দাম। দিন শেষে মঙ্গলবার ডিএসইতে প্রায় ২৮৯ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় ৮১ কোটি টাকা বেশি। ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল টেলিকম খাতের একমাত্র তালিকাভুক্ত কোম্পানি গ্রামীণফোন। গতকাল কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম চার টাকা ৫০ পয়সা বেড়েছে। সম্প্রতি কোম্পানিটি শেয়ারধারীদের জন্য অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে।চট্টগ্রামের বাজারে ১৮৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে প্রায় ৯৫ শতাংশ বা ১৭৪টিরই দাম বেড়েছে, কমেছে মাত্র দুটির আর অপরিবর্তিত ছিল আটটির দাম। এ কারণে মঙ্গলবার সিএসইতে দাম কমার শীর্ষ ১০ কোম্পানির তালিকাটি অপূর্ণ ছিল। মঙ্গলবার সিএসইতে ৩৯ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় ১৩ কোটি টাকা বেশি। দিন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ১০১ পয়েন্টে। ৫ জুলাইয়ের পর সিএসইর সার্বিক মূল্যসূচক গতকাল আবারও ১৩ হাজার পয়েন্ট ছাড়িয়েছে।