শেয়ারবাজারে দরপতন
সপ্তাহের প্রথম দিন আজ রোববার অধিকাংশ কোম্পানির দরপতনের মধ্যে শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে সূচকও কমেছে। একই সঙ্গে ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে সামান্য বেড়েছে।
ডিএসইতে সূচক কমেছে ৫২ পয়েন্ট
দিনের লেনদেন শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক ৫২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার ৬৯৭ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। ১০ মিনিটে সূচক ১৬ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক নিম্নমুখী হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
ডিএসইতে আজ ২৯১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২০৫টিরই দাম কমেছে, বেড়েছে ৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ৫৭৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত বৃহস্পতিবারের চেয়ে ৭২ কোটি টাকা কম। বৃহস্পতিবার এই বাজারে ৬৪৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
সিএসইতে সূচক কমেছে ১৬৬ পয়েন্ট
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কমেছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ১৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৫০৫ পয়েন্টে।
সিএসইতে আজ ২৩৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭২টিরই দাম কমেছে, বেড়েছে ৫২টির আর অপরিবর্তিত রয়েছে ১২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
সিএসইতে আজ ৫১ কোটি টাকা লেনদেন হয়েছে, যা বৃহস্পতিবারের চেয়ে এক কোটি টাকা বেশি। বৃহস্পতিবার এই বাজারে ৫০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
ডিএসইতে লেনদেনে শীর্ষে গ্রামীণফোন
ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে ছিল গ্রামীণফোন। আজ এই প্রতিষ্ঠানের ৩২ কোটি টাকার লেনদেন হয়। এ ছাড়া অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, মেঘনা পেট্রোলিয়াম, পদ্মা অয়েল, স্কয়ার ফার্মা, হেইডেলবার্গ সিমেন্ট, বিএসসিসিএল, যমুনা অয়েল, বিএসসি, সিঙ্গার বাংলাদেশ প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।