শেয়ারবাজারে দরপতন লেনদেন বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে গতকাল মঙ্গলবার দরপতন ঘটেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক এদিন প্রায় ৩৭ পয়েন্ট বা পৌনে এক শতাংশ কমেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক কমেছে ১২৩ পয়েন্ট।তবে মূল্যসূচক কমলেও দিন শেষে দুই বাজারেই লেনদেনের পরিমাণ বেড়েছে।বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের ন্যূনতম শেয়ারধারণের বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) জারি করা নির্দেশনার বিরুদ্ধে আদালতে দায়ের করা একাধিক কোম্পানির পরিচালকের রিটকে ঘিরেই এখন বাজার আবর্তিত হচ্ছে। এসইসি সূত্র জানিয়েছে, আজ বুধবার আদালতে পরিচালকদের করা রিটের শুনানির দিন ধার্য রয়েছে।আদালতে পরিচালকদের করা রিটের বিরুদ্ধে গতকাল রাজধানীর মতিঝিলের ডিএসই ভবনের সামনে মানববন্ধন করেছে একদল বিনিয়োগকারী। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।পরিচালকদের করা রিটকে ঘিরে তৈরি হওয়া সার্বিক পরিস্থিতি নিয়ে গতকাল বিকেলে আইনমন্ত্রী শফিক আহমেদের সঙ্গে বৈঠক করেছে এসইসি। বৈঠকে কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলালউদ্দিন নিজামী, সদস্য আমজাদ হোসেন, আরিফ খান ও এ সালাম সিকদার উপস্থিত ছিলেন।এদিকে, মূল্যসূচকের ঊর্ধ্বগতি দিয়েই গতকাল ঢাকার বাজারে লেনদেন শুরু হলেও দিন শেষে ডিএসইর সাধারণ সূচক কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ২০ পয়েন্টে।ঢাকার বাজারে গতকাল ২৬৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৭০টি শেয়ারের দাম কমেছে, বেড়েছে ৭৩টির আর অপরিবর্তিত ছিল ২৩টি শেয়ারের দাম। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৪৩৪ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৮৬ কোটি টাকা বেশি।চট্টগ্রামের বাজারে গতকাল ১৮৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ১২৪টি শেয়ারের, কমেছে ৪৫টির আর অপরিবর্তিত ছিল ১৪টি শেয়ারের দাম। দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৫৪ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ছয় কোটি টাকা বেশি। সিএসইর সার্বিক মূল্যসূচক এদিন কমে দাঁড়িয়েছে প্রায় ১৪ হাজার ৮৪৪ পয়েন্টে।