শেয়ারবাজারে নতুন দুটি কোম্পানি আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে আরও দুটি নতুন কোম্পানি আসছে। কোম্পানি দুটি হলো সানলাইফ ইনস্যুরেন্স ও প্রিমিয়ার সিমেন্ট মিলস।গতকাল বুধবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) এক সভায় কোম্পানি দুটির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও ছাড়ার আবেদন অনুমোদন করা হয়।এসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, কোম্পানি দুটি শেয়ারবাজার থেকে মোট ৩৮ কোটি ৪০ লাখ টাকা সংগ্রহ করবে। এর মধ্যে প্রিমিয়ার সিমেন্ট এক কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে বাজার থেকে ২৬ কোটি ৪০ লাখ টাকা সংগ্রহ করবে। কোম্পানিটির ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের সঙ্গে ১২ টাকা প্রিমিয়াম বা অধিমূল্য যোগ করে প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ২২ টাকা।২০১০-২০১১ সালের নিরীক্ষিত হিসাব অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস দেখানো হয়েছে চার টাকা পাঁচ পয়সা। এই কোম্পানির শেয়ারের ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে এলায়েন্স ফাইন্যান্সিয়াল সার্ভিসেস।কোম্পানি সূত্রে জানা গেছে, শেয়ারবাজার থেকে সংগৃহীত অর্থ প্রতিষ্ঠানটির ব্যাংক ঋণ পরিশোধে ব্যয় করা হবে। অন্যদিকে, সানলাইফ ইনস্যুরেন্স কোম্পানি এক কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে বাজার থেকে ১২ কোটি টাকা সংগ্রহ করবে। এই কোম্পানির প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। ২০১০ সালের নিরীক্ষিত হিসাব অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস দেখানো হয়েছে ছয় টাকা ৫৪ পয়সা। এর শেয়ারের ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে বেনকো ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট।এসইসির গতকালের সভায় তালিকাভুক্ত নয়টি মিউচুয়াল ফান্ডের অবসায়নের মেয়াদ বাড়িয়ে ২০১৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। এর মধ্যে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) আটটি আর অপরটি হলো প্রথম বিএসআরএস মিউচুয়াল ফান্ড।