শেয়ারবাজারে নাটকীয় মোড়
দেশের শেয়ারবাজারে আজ সোমবার নাটকীয় মোড় নিয়েছে। টানা দরপতনের পর আজ চাঙাভাব ছিল দুই স্টক এক্সচেঞ্জে। তবে সূচক বাড়লেও দুই স্টক এক্সচেঞ্জেই লেনদেন হয়েছে কম।বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, অর্থমন্ত্রী শেয়ারবাজারে বিক্ষোভকারীদের ‘ফাটকাবাজ’ বললেও গতকাল অর্থমন্ত্রী ও এসইসির চেয়ারম্যানের বক্তব্য বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সঞ্চার করেছে। এ ছাড়া বাজার-পরিস্থিতি নিয়ে আজ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে এসইসির বৈঠকও বাজারে ইতিবাচক প্রভাব ফেলে।বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক ১০৩.৭৮ পয়েন্ট বেড়ে ৬,২২৩.৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটের দিকে সূচক ১৩০ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক বাড়ার হার কিছুটা কমে এলেও আধা ঘণ্টা পর সূচক দ্রুত বাড়তে থাকে। প্রথম ঘণ্টা শেষে সূচক ১৩৯ পয়েন্ট বেড়েছিল। এরপর আবার সূচক বাড়ায় ধীরগতি চলে আসে এবং দিন শেষে সূচক গতকালের চেয়ে সূচক ১০০ পয়েন্টের বেশি বাড়ে।ডিএসইতে হাতবদল হওয়া ২৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ২২৭টির, কমেছে ২৪টির এবং অপরিবর্তিত রয়েছে পাঁচটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে ৪৯৫ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৬৫ কোটি টাকা কম।লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে কেয়া কসমেটিকস, বেক্সিমকো, মালেক স্পিনিং, লাফার্জ সুরমা সিমেন্ট, আরএন স্পিনিং, এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ড, গ্রামীণফোন, এমজেএল বিডি, তিতাস গ্যাস ও এমআই সিমেন্ট।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৩২৫.৩৬ পয়েন্ট বেড়ে ১৭৭৫০.১৪ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে হাতবদল হওয়া ১৮৪টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৬২টির, কমেছে ১২টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৬৬ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১২ কোটি টাকা কম।