শেয়ারবাজারে নিম্নমুখী প্রবণতা
গতকাল সোমবারের ধারাবাহিকতায় আজ মঙ্গলবারও নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে সূচকও কমেছে। সেই সঙ্গে লেনদেনেও নিম্নমুখী অবস্থা বিরাজ করছে।
ডিএসইতে সূচক কমেছে ৩৬ পয়েন্ট
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক আজ ৩৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার ২২৮ পয়েন্টে। সকাল সাড়ে ১০টায় নির্ধারিত সময় সূচকের বাড়তি প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। দুপুর ১২টার দিকে সূচক গতকালের চেয়ে ১৫ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক নিম্নমুখী প্রবণতায় যায়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
ডিএসইতে আজ ২৮৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৮৬টিরই দাম কমেছে। বেড়েছে ৬৬টির আর অপরিবর্তিত রয়েছে ৩৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ৩৭৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৮২ কোটি টাকা কম। গতকাল এই বাজারে ৪৫৬ কোটি টাকার লেনদেন হয়।
সিএসইতে সূচক কমেছে ১৩০ পয়েন্ট
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ১৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ১১৬ পয়েন্টে।
সিএসইতে আজ ২১৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে। এর মধ্যে ১৭৮টিরই দাম কমেছে, বেড়েছে মাত্র ২৫টির আর অপরিবর্তিত রয়েছে ১১টির।
সিএসইতে আজ ৫৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১০৩ কোটি টাকা কম। গতকাল এই বাজারে ১৬০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
ডিএসইতে লেনদেনে শীর্ষ ১০ কোম্পানি
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে ছিল অ্যাপোলো ইস্পাত। আজ এই প্রতিষ্ঠানের ৭১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এ ছাড়া গোল্ডেন সন, জেনারেশন নেক্সট ফ্যাশন, আরএন স্পিনিং, বিডি বিল্ডিং, পদ্মা অয়েল, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, আরগন ডেনিমস, লঙ্কাবাংলা ফিন্যান্স প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।