শেয়ারবাজারে নিম্নমুখী প্রবণতা অব্যাহত
গতকালের ধারাবাহিকতায় আজ সোমবারও নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে সূচকও কমেছে। পাশাপাশি লেনদেনও কমেছে দুই বাজারে।
ডিএসইতে সূচক কমেছে ১০ পয়েন্ট
দিনের লেনদেন শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৮৭ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। ১০ মিনিটে সূচক ১৬ পয়েন্ট বেড়ে যায়। এরপর একাধিকবার ওঠানামার পর দিন শেষে নিম্নমুখী অবস্থায় থাকে সূচক।
ডিএসইতে আজ ২৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭১টিরই দাম কমেছে, বেড়েছে ১০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ৫০৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৬৯ কোটি টাকা কম। গতকাল এই বাজারে ৫৭৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
সিএসইতে সূচক কমেছে ১২ পয়েন্ট
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৫০০ পয়েন্টে।
সিএসইতে আজ ২৩০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩৫টিরই দাম কমেছে, বেড়েছে ৬৪টির আর অপরিবর্তিত রয়েছে ৩১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
সিএসইতে আজ ৪৫ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ছয় কোটি টাকা কম। গতকাল এই বাজারে ৫১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
ডিএসইতে লেনদেনে শীর্ষে স্কয়ার ফার্মা
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে রয়েছে স্কয়ার ফার্মা। আজ এ প্রতিষ্ঠানের ৪২ কোটি টাকার লেনদেন হয়েছে। এ ছাড়া বিএসসিসিএল, গ্রামীণফোন, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, যমুনা অয়েল, বিএসসি, মেঘনা পেট্রোলিয়াম, হেইডেলবার্গ সিমেন্ট, পদ্মা অয়েল, ইউসিবিএল প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।