দশম জাতীয় সংসদ নির্বাচনের পরদিন দেশের শেয়ারবাজারে মূল্যসূচক কিছুটা কমে গেছে। একই সঙ্গে কমে গেছে লেনদেনও।
দিন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রশস্ত সূচক আগের কার্যদিবসের তুলনায় কমেছে দশমিক ৪১ শতাংশ। গত বৃহস্পতিবার ডিএসইর প্রশস্ত মূল্যসূচক ছিল ৪৩১ দশমিক ৪০ পয়েন্ট। আর গতকাল সোমবার তা নেমে আসে ৪২৯ দশমিক ৬৩ পয়েন্টে।
একইভাবে বৃহস্পতিবার দিন শেষে ডিএসইর লেনদেনের পরিমাণ ছিল ৩৭০ কোটি ৮৪ লাখ টাকা। আর গতকাল সোমবার তা কমে হয় ৩১৫ কোটি ৬২ লাখ টাকা।
দুই দিন সাপ্তাহিক ছুটির পর রোববার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশে শেয়ারবাজারে লেনদেন বন্ধ ছিল। তাই গতকালই ছিল চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস।
একইভাবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনে বৃহস্পতিবারের ৪২ কোটি ৬৮ লাখ টাকা থেকে কমে সোমবার হয়েছে ৩২ কোটি ৫০ লাখ টাকা।
সিএসইর সার্বিক মূল্যসূচক বৃহস্পতিবারের তুলনায় প্রায় ৬৪ পয়েন্ট কমে হয়েছে ১৩ হাজার ৩১১ দশমিক ৫৯ পয়েন্ট।
বাজার বিশ্লেষকেরা বলছেন, হরতাল-অবরোধ তথা সহিংসতার মধ্য দিয়ে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ায় এবং প্রধান বিরোধী দল নির্বাচনে অংশ না নেওয়ায় নির্বাচন-পরবর্তী রাজনৈতিক অনিশ্চয়তা ঘিরে ধরেছে বিনিয়োগকারীদের। আর তাই বাজারে তেজিভাব আসেনি।
পরিসংখ্যান ঘেঁটে দেখা যায়, ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনের পরদিন দেশের শেয়ারবাজারে বড় ধরনের উল্লম্ফন ঘটেছিল। নির্বাচনের আগের দিন ২৮ ডিসেম্বর ডিএসইর মোট লেনদেন ৩০০ কোটি টাকার নিচে থাকলেও নির্বাচনের পরদিন এক লাফে তা ৪০০ কোটি টাকা ছাড়িয়ে যায়। ২০০৯ সালের ২৮ ডিসেম্বর ডিএসইতে ২৯০ কোটি ১৮ লাখ টাকার লেনদেনে হয়েছিল। আর ৩০ ডিসেম্বর তা হয় ৪৩০ কোটি ৯৪ লাখ টাকা।
একইভাবে ডিএসইর মূল্যসূচকও বেড়ে যায়। ২০০৮ সালে নির্বাচনের আগের দিন ডিএসইর সাধারণ মূলসূচক ছিল দুই হাজার ৭২৮ দশমিক ৬০ পয়েন্ট, যা নির্বাচনের পরদিন হয় দুই হাজার ৭৯৫ দশমিক ৩৩ পয়েন্ট।
ওই নির্বাচনেও আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল।