শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বর্তমান মন্দা শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ ধীরে ধীরে বাড়ছে। বাজারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শেয়ারবাজারে বিনিয়োগের জন্য বর্তমানে ভালো সময় অতিবাহিত হলেও দেশের বিনিয়োগকারীরা সেই সুযোগ খুব বেশি কাজে লাগাচ্ছেন না, অথচ বিদেশি বিনিয়োগকারীরা এগিয়ে আসছেন।দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) হিসাব অনুযায়ী, গত ফেব্রুয়ারি মাসে শেয়ারবাজারে প্রকৃত বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল প্রায় ১০৪ কোটি টাকা, যা গত ১০ মাসের মধ্যে সর্বোচ্চ।ডিএসইর হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম আট মাসে দেশের শেয়ারবাজারে প্রকৃত বিদেশি বিনিয়োগ এসেছে প্রায় ৪৮৯ কোটি টাকা (প্রায় সাত কোটি ডলার)। এর মধ্যে সর্বাধিকসংখ্যক বিনিয়োগ এসেছে গত ফেব্রুয়ারিতে। ফেব্রুয়ারিতে বিদেশি বিনিয়োগকারীরা প্রায় ১৮০ কোটি টাকার শেয়ার কিনেছেন। এর বিপরীতে বিক্রি করেছেন প্রায় ৭৬ কোটি টাকার শেয়ার। ফলে মাসের শেষে প্রকৃত বিনিয়োগের পরিমাণ দাঁড়ায় ১০৪ কোটি টাকা। এটি চলতি বছরের জানুয়ারি মাসের চেয়ে প্রায় ৪ শতাংশ বেশি।গত জানুয়ারিতে বিদেশি বিনিয়োগকারীরা ১৩৬ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার কিনেছেন। এর বিপরীতে বিক্রি করেছেন ৩৬ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার। মাসের শেষে প্রকৃত বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল ৯৯ কোটি ৭৩ লাখ টাকা।অবশ্য বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে পুঁজিবাজারে (পোর্টফোলিও) বিদেশি বিনিয়োগের অঙ্কটি আরও বড় দেখা যায়। চলতি ২০১২-১৩ অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) ১১ কোটি ডলারের পোর্টফোলিও বিনিয়োগ এসেছে বলে এতে দেখা যায়।বিদেশি বিনিয়োগ বৃদ্ধির বিষয়টি সম্পর্কে জানতে চাইলে পুঁজিবাজার বিশ্লেষক ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের শিক্ষক মোহাম্মদ মূসা প্রথম আলোকে বলেন, ‘ভবিষ্যতে বাজারের জন্য এটি ইতিবাচক একটি নির্দেশনা। বিদেশি বিনিয়োগকারীরা অনেক হিসাব-নিকাশ করেই বিনিয়োগ করেন। তাঁদের বিনিয়োগ বৃদ্ধি পাওয়া মানে ভবিষ্যতে বাজার ভালো হবে। কিন্তু তাঁদের এই এগিয়ে আসার বিষয়টি আমাদের দেশের বিনিয়োগকারীদের মধ্যে তেমন আগ্রহ তৈরি করতে পারেনি।’মোহাম্মদ মূসা আরও বলেন, ‘সাধারণত বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগের আগে শেয়ারের বাজারমূল্যের সঙ্গে ইনক্লুসিভ বা অন্তর্নিহিত মূল্যকে খুব বেশি বিবেচনায় নেন। এই মুহূর্তে তাঁরা মনে করছেন যে বর্তমান বাজারমূল্যের চেয়ে অন্তর্নিহিত মূল্য অনেক বেশি।’ তিনি আরও বলেন, ‘টাকার অঙ্কে বিদেশিদের বিনিয়োগের পরিমাণ হয়তো খুব বেশি নয়, কিন্তু এটি বাজারের জন্য ইতিবাচক বার্তা।’জানতে চাইলে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রহমত পাশা প্রথম আলোকে বলেন, ‘বিশ্বের বিভিন্ন শেয়ারবাজারে বিনিয়োগ করে, এ রকম বিশ্বসেরা ১০টি আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে ছয়টিই এখন আমাদের মাধ্যমে বাজারে বিনিয়োগে সক্রিয় রয়েছে। পাঁচ থেকে সাত বছর মেয়াদে তারা এসব বিনিয়োগ করছে। বিনিয়োগের আগে এসব প্রতিষ্ঠান বাংলাদেশের অর্থনীতির সব সূচকই পর্যালোচনা করেছে। সেই সঙ্গে তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানির শীর্ষ নির্বাহীদের সঙ্গে কথা বলে কোম্পানিগুলোর সম্পর্কে ধারণা নিয়েছে। তার পরই তারা বিনিয়োগে আগ্রহী হয়েছে। মোহাম্মদ রহমত পাশা আরও বলেন, এসব প্রতিষ্ঠান যে দামে শেয়ার কেনার লক্ষ্যমাত্রা ঠিক করেছে, বর্তমানে অনেক কোম্পানির শেয়ার তার চেয়েও কম দামে পাওয়া যাচ্ছে। তাই সাম্প্রতিক সময়ে তাদের বিনিয়োগের পরিমাণ বেড়েছে।