শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ বাড়াতে সুপারিশ তৈরি করছে বিএসইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বাড়াতে উদ্যোগ নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ জন্য সংস্থাটি প্রয়োজনীয় সুপারিশমালা তৈরি করছে। আর এই সুপারিশমালা তৈরির জন্য গঠন করা হয়েছে দুই সদস্যের কমিটি।গতকাল বৃহস্পতিবার কমিশনের এক সভায় এই কমিটি গঠন করা হয়। সভা শেষে বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।সংস্থাটি জানিয়েছে, কমিশনের নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসলাম ও মাহাবুবুল আলমের সমন্বয়ে গঠিত কমিটিকে আগামী ৩১ জানুয়ারির মধ্যে তাদের সুপারিশ কমিশনের কাছে জমা দিতে বলা হয়েছে।এ ছাড়া গতকালের সভায় ইবিএল ইনভেস্টমেন্টসকে পূর্ণাঙ্গ মার্চেন্ট ব্যাংকের সনদ দেওয়ার সিদ্ধান্ত হয়।সেই সঙ্গে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) নবনির্বাচিত সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মনোনীত পরিচালক হিসেবে নিয়োগের প্রস্তাব অনুমোদন করা হয়। পদাধিকারবলে তিনি ডিএসইর পরিচালক হিসেবে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদের স্থলাভিষিক্ত হবেন।বিএসইসি আরও জানিয়েছে, গতকালের সভায় ছয়টি কোম্পানিকে জরিমানা করা হয়েছে। নির্ধারিত সময়ে আর্থিক প্রতিবেদন দাখিলে ব্যর্থ হওয়ায় এসব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়। কোম্পানিগুলো হচ্ছে: সজীব নিটওয়্যার অ্যান্ড গার্মেন্টস, পারফিউম কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, ফার্মাকো ইন্টারন্যাশনাল, রোজ হেভেন বলপেন, এম হোসাইন গার্মেন্টস ওয়াশিং অ্যান্ড ডায়িং এবং রাসপিট বাংলাদেশ। কোম্পানিগুলোর প্রতিটি ২০১১ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন দাখিলে ব্যর্থ হয়েছে।