শেয়ারবাজারে বিনিয়োগকারীদের বিক্ষোভ স্থিতিশীলতা ফেরাতে নানামুখী উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজার আলোচিত আরেকটি সপ্তাহ পার করল। অব্যাহত দরপতনের কারণে বিনিয়োগকারীরা রাস্তায় নেমে আসেন। তাঁরা বিভিন্ন কর্মসূচিও পালন করেন। অন্যদিকে বাজারে স্থিতিশীলতা আনতে নানামুখী উদ্যোগ নেয় নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।অব্যাহত দরপতন ঠেকাতে গত সপ্তাহে বাজার-সংশ্লিষ্টদের ধারাবাহিক বৈঠক করে এসইসি। শেয়ারবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এসব বৈঠক শেষে বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্টদের দাবির পরিপ্রেক্ষিতে এসইসি এসব সিদ্ধান্ত নেয়।এ ছাড়া গত সপ্তাহের শেষ কার্যদিবসে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিদের অংশগ্রহণে ‘পুঁজিবাজার সমন্বয় কমিটি’র সভা অনুষ্ঠিত হয়।ওই সভা শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এস কে সুর চৌধুরী জানান, বাণিজ্যিক ব্যাংকগুলোর সহযোগী প্রতিষ্ঠান হিসেবে মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসের জন্য একক ঋণগ্রহীতার সীমা সমন্বয়ের সময় আরও বাড়ানো হবে। অপর এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান, ব্যাংকগুলোর আর্থিক অবস্থা ঠিক রেখে পুঁজিবাজারের স্থিতিশীলতার স্বার্থে যা কিছু প্রয়োজন বাংলাদেশ ব্যাংক তা-ই করবে।গত সপ্তাহে এসইসির পক্ষ থেকে যেসব সিদ্ধান্ত ও উদ্যোগ নেওয়া হয়েছে, বাজারে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।যোগাযোগ করা হলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি শাকিল রিজভী প্রথম আলোকে বলেন, ‘বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে গত সপ্তাহে এসইসি ধারাবাহিক বৈঠক করেছে। বেশকিছু সিদ্ধান্তও নেওয়া হয়েছে। আশা করছি, ধীরে ধীরে বাজারে এসব সিদ্ধান্তের ইতিবাচক প্রভাব দেখা যাবে।’শাকিল রিজভী আরও বলেন, বাজারের ওপর বিনিয়োগকারীদের আত্মবিশ্বাসের কিছুটা ঘাটতি রয়েছে, যার কারণে লেনদেনে এর নেতিবাচক প্রভাব পড়ছে। তাই বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখা হয়েছে।অভিন্ন অভিহিত মূল্যের পাশাপাশি অভিন্ন মার্কেট লট করা হলে দীর্ঘ মেয়াদে তা বাজারের জন্য সুফল বয়ে আনবে বলে মনে করেন ডিএসইর সভাপতি। এ ছাড়া লেনদেনের নিষ্পত্তির সময় এক দিন কমিয়ে আনা হলে বাজারে এর সুফল মিলতে পারে।এদিকে গত সপ্তাহে প্রধান শেয়ারবাজার ডিএসইতে লেনদেনের পরিমাণ আগের সপ্তাহের চেয়ে কিছুটা বেড়েছে। সপ্তাহ শেষে ডিএসইর মোট লেনদেন দাঁড়িয়েছে প্রায় এক হাজার ৬৩৩ কোটি টাকায়। আগের সপ্তাহে এর পরিমাণ ছিল এক হাজার ৫৯৪ কোটি টাকা। সেই হিসাবে এক সপ্তাহের ব্যবধানে ঢাকার বাজারে লেনদেন বেড়েছে প্রায় ৩৯ কোটি টাকা।সপ্তাহ শেষে ডিএসইর প্রতিদিনের গড় লেনদেন বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩২৭ কোটি টাকায়। আগের সপ্তাহে এর পরিমাণ ছিল ৩১৯ কোটি টাকা। সেই হিসাবে এক সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রতিদিনের গড় লেনদেন কমেছে ২ দশমিক ৪২ শতাংশ বা আট কোটি টাকা।দরপতন দিয়ে শেয়ারবাজারে গত সপ্তাহটি শুরু হয়েছিল। শেষও হয়েছে একইভাবে। তবে শেষ দিনে ডিএসইর সাধারণ মূল্যসূচক সামান্য বাড়লেও লেনদেন হওয়া বেশির ভাগ শেয়ারের দাম কমেছে। সপ্তাহজুড়ে ঢাকার বাজারে ২৭০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে ২২১টিরই দাম কমেছে, বেড়েছে ৩৯টির আর অপরিবর্তিত ছিল চারটি কোম্পানির শেয়ারের দাম। আগের সপ্তাহে সমপরিমাণ কোম্পানির শেয়ারের লেনদেন হয়েছিল। এর মধ্যে ২৩৯টির দাম কমেছিল, বেড়েছিল ২২টির দাম।গত সপ্তাহ শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক দাঁড়িয়েছে পাঁচ হাজার ৯৬৬ পয়েন্টে। আগের সপ্তাহের চেয়ে যা প্রায় ১১১ পয়েন্ট কম।