শেয়ারবাজারে বিনিয়োগে আগ্রহী শরিয়াহভিত্তিক প্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে বিনিয়োগে আগ্রহী ইসলামি শরিয়াহ মোতাবেক পরিচালিত ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চালু হওয়া শরিয়াসূচকে বিনিয়োগ করতে চায় এসব প্রতিষ্ঠান।

আজ বৃহস্পতিবার দুপুরে মতিঝিলে ডিএসইর কার্যালয়ে শরিয়াহভিত্তিক পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে ডিএসইর সভাপতি আহসানুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান।

বৈঠকে ইসলামি ব্যাংক, ইনস্যুরেন্স, নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান ও সম্পদ ব্যবস্থাপনা কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আহসানুল ইসলাম বলেন, ‘আমরা আজ শরিয়াহভিত্তিক পরিচালিত প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ডিএসইতে সম্প্রতি চালু হওয়া ইসলামি সূচকের বিষয়টি তুলে ধরেছি। তাঁরা সবকিছু বিবেচনা করে ইসলামি শরিয়াহ মোতাবেক পুঁজিবাজারে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছেন।’

ইসলামি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা ডিএসইর এ উদ্যোগে স্বাগত জানিয়েছেন উল্লেখ করে আহসানুল ইসলাম বলেন, ‘এ ধরনের উদ্যোগে পুঁজিবাজারে বিনিয়োগের আওতা বৃদ্ধি পেয়েছে। এর মাধ্যমে পুঁজিবাজারে শরিয়াহ মোতাবেক বিনিয়োগের শুভ সূচনা হয়েছে।’

বৈঠকে উপস্থিত কর্মকর্তারা বিষয়টি সংশ্লিষ্ট কোম্পানির পর্ষদ সভায় উত্থাপন করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি।

ডিএসইতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে ৭০টিরও বেশি কোম্পানি ডিএসই শরিয়াহসূচকে অন্তর্ভুক্ত রয়েছে। ইসলামি শরিয়াহ মোতাবেক বিনিয়োগ করতে আগ্রহীদের আকৃষ্ট করতে নতুন এই সূচক চালু হয়েছে বলেও জানান ডিএসইর সভাপতি।