বিজ্ঞাপন দিয়ে শেয়ারবাজারে বিনিয়োগের ঘোষণা দেওয়া যাবে না। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট কোম্পানিগুলোর প্রতি নির্দেশ জারি করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। গতকাল মঙ্গলবার কমিশনের নিয়মিত সভায় নির্দেশনা জারির এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বিদ্যমান সিকিউরিটিজ আইন অনুযায়ী কোম্পানির এ ধরনের বিনিয়োগ-সিদ্ধান্ত বিজ্ঞপ্তি আকারে প্রকাশের কোনো বিধান নাই বিধায় ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড হতে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।’সম্প্রতি কয়েকটি ব্যাংক পত্র-পত্রিকায় বিজ্ঞাপন ও বিজ্ঞপ্তি দিয়ে শেয়ারবাজারে বিনিয়োগের ঘোষণা দিয়েছে। গতকাল মঙ্গলবার পর্যন্ত পাঁচটি ব্যাংক এ ধরনের ঘোষণা দেয়। ব্যাংকগুলো হলো পূবালী ব্যাংক, এক্সিম ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, এনসিসি ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক। এই পাঁচ ব্যাংক মিলে শেয়ারবাজারে মোট এক হাজার ২০০ কোটি টাকা বিনিয়োগের কথা জানিয়েছে। এর মধ্যে পূবালী ব্যাংক ৫০০ কোটি, ন্যাশনাল ব্যাংক ৩০০ কোটি, এক্সিম ব্যাংক ২০০ কোটি এবং স্ট্যান্ডার্ড ও এনসিসি ব্যাংক ১০০ কোটি করে মোট ২০০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা দিয়েছে।এসইসির আইন অনুযায়ী, এ ধরনের ঘোষণা ‘মূল্য সংবেদনশীল তথ্য’ হিসেবে বিবেচিত। তাই ব্যাংকগুলো এভাবে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে এ ধরনের ঘোষণা প্রচার করতে পারে না। পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার আগে এ ধরনের সিদ্ধান্তের কথা এসইসি ও ডিএসইকে জানাতে হয়। কিন্তু যে কটি ব্যাংক বিনিয়োগের ঘোষণা দিয়েছে তাদের কোনোটিই তা ডিএসইর ওয়েবসাইটে প্রকাশ করেনি। জানা গেছে, ব্যাংকগুলো এ ধরনের বিজ্ঞাপন প্রচারের পরপরই এসইসি সংশ্লিষ্ট কোম্পানিগুলোর কাছে এ বিষয়ে জানতে চায়। কোম্পানিগুলোর লিখিত জবাবের পর গতকাল কমিশন সভায় বিজ্ঞাপন দিয়ে বিনিয়োগ প্রচারণা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘পুঁজিবাজারে তালিকাভুক্ত কতিপয় ব্যাংকিং কোম্পানি পত্রিকার মাধ্যমে পুঁজিবাজারে বিদ্যমান শেয়ার ক্রয়/বিনিয়োগসংক্রান্ত ঘোষণা/বিজ্ঞপ্তি জাতীয় দৈনিক পত্রিকায় প্রদান করছে, যা বিভ্রান্তির সৃষ্টি করতে পারে।’পুঁজিবাজারে কোম্পানিগুলোর বিনিয়োগে (ক্রয়/বিক্রয়) কোনো বাধা নেই উল্লেখ করে এসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এভাবে বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করা সিকিউরিটিজ আইনের পরিপন্থী।কয়েকটি ব্যাংক বিজ্ঞাপন দিয়ে শেয়ারবাজারে বিনিয়োগের ঘোষণা দেওয়ার পরিপ্রেক্ষিতে এ নিয়ে নানা প্রশ্ন দেখা দেয়। গত শনিবার প্রথম আলোয় এ নিয়ে একটি সংবাদও প্রকাশ হয় যাতে পুঁজিবাজার-বিশ্লেষকেরা, ব্যাংকের এ ধরনের বিনিয়োগের ঘোষণার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন। একই সঙ্গে তাঁরা এ ধরনের কর্মকাণ্ড বন্ধে এসইসিকে কার্যকর পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন।