শেয়ারবাজারে বেড়েছে লেনদেন
দেশের শেয়ারবাজারে আজ সোমবার সারা দিন সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন হয়েছে। তবে দিন শেষে দুই স্টক এক্সচেঞ্জেই সূচক ও লেনদেন বেড়েছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৯.৪৫ পয়েন্ট বেড়ে ৫,৩২২.৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে। স্টক এক্সচেঞ্জটিতে ৫১৯ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৪৪ কোটি টাকা বেশি।সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। ১০ মিনিটের মাথায় সূচক ৫৮ পয়েন্ট কমে যায়। তবে পরের ১০ মিনিটে সূচক বাড়ে ১৫ পয়েন্ট। আর আধা ঘণ্টায় সূচক কমে ১৯ পয়েন্ট। এভাবে সূচক ওঠানামার একপর্যায়ে বেলা দুইটা পাঁচ মিনিটে সূচক ৬৯ পয়েন্ট বেড়ে যায়। আর শেষ পর্যন্ত সূচক ৯ পয়েন্ট বাড়ে।ডিএসইতে আজ ২৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১২৯টির দাম বেড়েছে, কমেছে ১২১টির আর অপরিবর্তিত রয়েছে ছয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আজ লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো মার্কেন্টাইল ব্যাংক, গ্রামীণফোন, লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো, সোস্যাল ইসলামী ব্যাংক, এনবিএল, এমআই সিমেন্ট, ইউসিবিএল, ফু-ওয়াং সিরামিক ও তিতাস গ্যাস।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৪১.৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫১৪৫.৬০ পয়েন্টে। সিএসইতে লেনদেন হওয়া ১৭৭টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১০৮টির, কমেছে ৬৭টির আর অপরিবর্তিত রয়েছে দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৫৬ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে চার কোটি টাকা বেশি।