শেয়ারবাজারে বড় দরপতন, বিনিয়োগকারীদের বিক্ষোভ
পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আজ রোববার প্রথম কর্মদিবসে দেশের শেয়ারবাজারে বড় দরপতন হয়েছে। লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জেই প্রায় সব কোম্পানির শেয়ারের দাম কমেছে। এ কারণে সূচকও কমেছে। আর দরপতনের প্রতিবাদে বিনিয়োগকারীরা আজও ডিএসইর সামনের সড়কে বিক্ষোভ প্রদর্শন করেছেন।বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সক্রিয় না থাকায় দরপতন ত্বরান্বিত হচ্ছে। তাঁদের মতে, অব্যাহত দরপতনের কারণে এ মুহূর্তে বিনিয়োগকারীদের ক্রয় ক্ষমতা অনেক কমে গেছে। তাই দরপতন ঠেকাতে এ অবস্থায় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের এগিয়ে আসার বিকল্প নেই।এ ব্যাপারে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক বলেন, এর আগে ব্যাংকগুলোর পক্ষ থেকে বাজারে বিনিয়োগ অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়। তার পরও তারা বাজারে সক্রিয় না থাকায় অব্যাহত দরপতন চলছে। আর এ অবস্থা থেকে উত্তরণ করতে হলে প্রথমেই ব্যাংকগুলোকে এগিয়ে আসতে হবে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা গেছে, আজ দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ১৬৬ পয়েন্ট বা ৩ দশমিক ২০ শতাংশ কমে ৫০৪২ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়, যা সারা দিনই অব্যাহত থাকে।ডিএসইতে আজ ২৪৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২৩২টিরই দাম কমেছে, বেড়েছে মাত্র ১৩টির এবং অপরিবর্তিত রয়েছে দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। দিন শেষে এ স্টক এক্সচেঞ্জে ২০৬ কোটি টাকা লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসের চেয়ে ২৫ কোটি টাকা বেশি।দিনের লেনদেন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো: বেক্সিমকো, গ্রামীণফোন, তিতাস গ্যাস, সোস্যাল ইসলামী ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ওয়ান ব্যাংক, ইউসিবিএল, এনবিএল, ফু-ওয়াং ফুডস ও সিটি ব্যাংক।চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৪০৬ পয়েন্ট কমে ১৪৩৬৯ পয়েন্টে দাঁড়ায়। সিএসইতে লেনদেন হওয়া ১৫২টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে মাত্র সাতটির, কমেছে ১৪২টির এবং অপরিবর্তিত রয়েছে তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এ স্টক এক্সচেঞ্জে আজ ১৭ কোটি টাকা লেনদেন হয়েছে।এ দিকে অব্যাহত দরপতনের প্রতিবাদে আজও ডিএসইর সামনের সড়কে বিক্ষোভ করেছেন বিনিয়োগকারীরা। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে বেলা তিনটার কিছুক্ষণ পর এ কর্মসূচি পালন করা হয়। তখন কিছু সময়ের জন্য ডিএসইর সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভের সময় বিনিয়োগকারীরা অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও ডিএসইর সভাপতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন তাঁরা।