শেয়ারবাজারে বড় দরপতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে গতকাল বুধবার মূল্যসূচকে বড় ধরনের পতন ঘটছে। তবে লেনদেনের পরিমাণ ছাড়িয়ে গেছে আগের সব উচ্চতাকে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এদিন মোট লেনদেন হয়েছে দুই হাজার ৪৮৬ কোটি টাকার। স্টক এক্সচেঞ্জটির ইতিহাসে এখন পর্যন্ত এটিই সর্বোচ্চ লেনদেন। এর মাত্র এক দিন আগে ডিএসইতে দুই হাজার ৪৪০ কোটি টাকার লেনদেন হয়েছিল। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল মোট লেনদেন হয়েছে ১৮০ কোটি টাকার। এতে দুই স্টক এক্সচেঞ্জের সম্মিলিত লেনদেনের পরিমাণ দুই হাজার ৬৬৬ কোটি টাকা ছাড়িয়েছে। ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকাল ৮২ পয়েন্ট কমে ছয় হাজার ২৪৯ পয়েন্টে নেমে এসেছে। সিএসইর সার্বিক মূল্যসূচক ৮৩ পয়েন্ট কমে হয়েছে ১৮ হাজার ৪২৪ পয়েন্ট। বাজার বিশেষজ্ঞরা বলছেন, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এবং বাংলাদেশ ব্যাংকের দুটি পৃথক নির্দেশনার প্রভাবে বাজারে দরপতন ঘটেছে। এসব নির্দেশনার কারণে অনেক বিনিয়োগকারী আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রির চাপ বাড়িয়ে দেন। এতে বেশির ভাগ শেয়ারের দাম কমতে শুরু করে। তবে এ পরিস্থিতিকে অনেকে অপেক্ষাকৃত কম দামে শেয়ার কেনার সুযোগ হিসেবে কাজে লাগিয়েছেন। এ কারণেই সূচক কমলেও লেনদেনের পরিমাণ বেড়েছে। বাংলাদেশ ব্যাংক সার্কুলারের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলোর পুঁজিবাজারে বিনিয়োগের পরিমাণ আমানতের ১০ শতাংশের নিচে নামিয়ে আনার নির্দেশ দিয়েছে। এতে আরও বলা হয়েছে, পৃথক সাবসিডিয়ারি কোম্পানি গঠন ছাড়া ১ অক্টোবরের পর ব্যাংকগুলো মার্চেন্ট ব্যাংকিং বা ব্রোকারেজ কার্যক্রম পরিচালনা করতে পারবে না। এ ছাড়া ব্যাংকগুলো ব্রোকারেজ বা মার্চেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য গঠিত নিজস্ব পৃথক কোম্পানিতে দেওয়া ঋণের পরিমাণ (তলবি ও মেয়াদি) ও মঞ্জুরিকৃত ঋণের সীমা ১০ শতাংশের বেশি হবে না। একই দিন এসইসির অপর এক নির্দেশে বলা হয়, যেসব কোম্পানির শেয়ারের আয় অনুপাতে দাম বা পিই ৪০ পয়েন্টের বেশি হবে, সেসব প্রতিষ্ঠানের শেয়ার কেনার জন্য মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলো বিনিয়োগকারীদের ঋণসুবিধা দিতে পারবে না।বিশ্লেষকেরা বলছেন, এই দুটি নির্দেশই শেয়ার বিক্রির চাপ বাড়াতে বড় ধরনের ভূমিকা রেখেছে। কারণ, বেশ কয়েকটি ব্যাংকের পুঁজিবাজারে বিনিয়োগের পরিমাণ তাদের আমানতের ১০ শতাংশের বেশি ছাড়িয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মেনে এসব ব্যাংককে এখন বিনিয়োগ সমন্বয় করতে হবে। তবে বেশির ভাগ ব্যাংকের আরও বেশির বিনিয়োগের সুযোগ রয়েছে। কারণ, গত মার্চের হিসাব অনুযায়ী ব্যাংকিং খাতের মোট আমানতের পরিমাণ প্রায় দুই লাখ ৯৬ হাজার কোটি টাকা। সেই হিসাবে কেন্দ্রীয় ব্যাংকের শর্ত মেনেই ব্যাংকগুলোর এখন প্রায় ৩০ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে পারবে। বর্তমানে ব্যাংকগুলোর সম্মিলিত বিনিয়োগের পরিমাণ ১০-১২ হাজার কোটি টাকার বেশি হবে না। বিশ্লেষকেরা আরও বলেন, বর্তমানে পুঁজিবাজারে বেশির ভাগ কোম্পানির পিই অনুপাত ঋণসীমার বাইরে চলে গেছে। ঋণসুবিধার আওতার বাইরে চলে যাওয়ায় এ ধরনের শেয়ার বিক্রির দিকে বিনিয়োগকারীরা বেশি ঝুঁকে পড়েন। বাজার পর্যালোচনায় দেখা গেছে, গতকাল উভয় বাজারেই বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ডিএসইতে এদিন লেনদেন হয়েছে ২৫১টি কোম্পানির শেয়ার। এর মধ্যে দাম কমেছে ২০৯টির। বেড়েছে মাত্র ৩৬টির। অপরিবর্তিত ছিল মাত্র ছয়টি কোম্পানির শেয়ারের দাম। যে কয়টি শেয়ারের দাম বেড়েছে, তার মধ্যে ২১টিই ছিল ব্যাংকিং খাতের। বিশ্লেষকেরা বলছেন, ব্যাংকিং, বিদ্যুৎ, জ্বালানি খাতসহ বহুজাতিক কোম্পানির পিই কম হওয়ায় ঋণনির্ভর বিনিয়োগ এদিকেই ঝুঁকছে।